২৫ মার্চ
২৫ মার্চ
আজ এখানে অনেকের আনাগোনা
শোকের পোশাকে সুগন্ধির প্রলেপ
চারদিকে আলো আর রঙের ঘনঘটা
অথচ, সেদিন!
ঠিক এই সময়, এই একই স্থানে
ছিল নিকষ অন্ধকার আর শ্মশানের নিস্তব্ধতা
চারদিকে আতঙ্ক! ব্লাক-আউট!
ঘুটঘুটে কালো অন্ধকারে
একদল হায়না রক্ত-পিপাসায় উন্মত্ত
সাঁজোয়া ট্যাংক ছুটছে যত্রতত্র
বেশুমার এলোপাতাড়ি মেশিনগানের গুলি
কি এক বিভীষিকা! অপারেশন সার্চ-লাইট(?)
কি এক অবর্ণনীয় পাশবিকতা!
অগণিত মৃত্যুর কলঙ্কিত অধ্যায়।
রাজপথ, বাসাবাড়ি, বিপণিকেন্দ্র, রাজারবাগ পুলিশ-লাইন
অলিগলি সর্বত্র নির্বিচার পাশবিক নিষ্ঠুরতায়
বুলেটে, বেয়োনেটে, বুটের আঘাতে
ব্যথাতুর রক্তস্নাত রাজধানী!
মুহুর্মুহু গুলির শব্দে উদ্ভ্রান্ত মানুষ ছুটছে জীবনকে মুঠোয় পুরে!
পিছনে তেড়ে আসছে বুলেট
কখন যে হাত ফসকে পরে গেছে কোলের শিশু!
হয়তো পায়ের নিচে কিংবা সাঁজোয়ার চাকায় পিষ্ট হয়ে
থেতলে বিকৃত হয়েছে মিষ্টি চাঁদমুখখানি!
এখানে-সেখানে অসংখ্য আহতের আর্তনাদ
কি নারকীয় সেই রাত!
একসাথে এত লাশ দেখেনি বাংলা আগে!
আজ যারা সমাগত এখানে
কণ্ঠে কণ্ঠ মেলাতে, ফেলতে দুফোঁটা অশ্রু
আসুন! অন্তরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে
আসুন! স্মৃতির জানালা খুলে দেই
বহুদিনের মিথ্যার চাদর মুড়ি দেয়া সত্যকে উদঘাটন করি
হারানো যন্ত্রণাকে শক্তিতে রূপ দেই
চেতনার আলো জ্বালি ষোলো কোটি প্রদীপের
দূর করি আঁধারের বিভীষিকা
মঙ্গলালোকে দীপ্যমান হোক
একটি জাগ্রত বাংলাদেশ!
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)