← Back to poetry
❧

স্বপ্ন নিবি?

Poetry

স্বপ্ন নিবি?

স্বপ্ন আছে আমার কাছে, লাগলে নিয়ে যাস
স্বপ্ন বুনেই মানব জমিন ভরছি বারোমাস
কচি সবুজ স্বপ্নগুলো হাওয়ায় দোলে মাঠে
লাগলে বলিস, তুলে দেবো যত্নে তোরই হাতে
স্বপ্ন বুনি স্বপ্ন নিয়ে, স্বপ্ন নিড়াই সুখে,
লাগলে বলিস, বুনে দেবো স্বপ্ন তোদের বুকে।

মাঠ ভরা সব স্বপ্ন নানান মৌসুমে যেই পাকে
স্বপ্নবিজেই গোলা ভরি মনের বাঁকেবাঁকে
নিজের বোনা স্বপ্ন-ফসল সাজিয়ে হৃদয় ডালি
বিলিয়ে দেই জনেজনে নিজকে করে খালি
স্বপ্ন নিবি? হরেক রকম স্বপ্ন ফেরি করি
চোখের জলই মূল্য দিবি চাইনা কানাকড়ি
নানান রঙের স্বপ্ন আছে ইচ্ছা মতন নিস
বিনিময়ে সবাই যা দেয়, সেই বেদনাই দিস!

প্রদ্যোত
কাব‍্যগ্রন্থ / দ্রোহের জলে দহন

✦