← Back to poetry
❧

সেতুবন্ধন

Poetry

সেতুবন্ধন

সেতু মানে বন্ধন মিলন সংযোগ
বিচ্ছিন্নতাকে জোড়া দেয়া
সেতু মানে মৈত্রী ভালোবাসা প্রেম
সেতু মানে দীর্ঘ বিচ্ছেদের পরে
অবারিত ভাব বিনিময়
সেতু মানে সম্পর্কের নতুন অধ্যায়

ভালোবাসা সেতু গড়ে
প্রমত্তা স্রোতস্বিনীর রুদ্ররোষ
পারেনা কখনোই মিলনের
আকাঙ্ক্ষাকে রুখে দিতে
শাশ্বত প্রেমের প্রবল আকর্ষণ
স্রোতস্বিনীর গড়া সহস্র বছরের
বিচ্ছেদ যতি চিহ্ন মুছে দেয় নিমেষেই
প্রকৃতির ভাঙ্গন রুখে দেয় মানুষ
একনিষ্ঠ ভালোবাসায়

প্রকৃতি যা ভাঙে এক লহমায়
মানুষ জোড়া দেয় ধীরে ধৈর্য্যে অধ্যাবসায়ে

ভেঙে দেওয়া খুব সহজ
জোড়া দেওয়া ভীষণ কঠিন
সেই কঠিন কাজ কেউ করে যায়
আত্ম প্রতিশ্রুতির নিদারুণ তেজে
মিলন পিয়াসী শাণিত মনন
আর অযুত দক্ষ বাহু
সানন্দে ছুটে আসে
স্বপ্নকে জোড়া দিতে একই প্রত্যয়ে

কর্মযজ্ঞ শেষে
স্বপ্নবোনা পথে ছোটার প্রহর আসে
সেতুর বাঁধনে বাঁধা
কোটি প্রাণের মিলন বেদীতে দাঁড়িয়ে
স্বপ্নবাজ মহাত্মা উদ্ভাসিত হন আপন মহিমায়
ধরণীকে বলে দিতে,'আমরাই পারি,
বুনে দিতে ভালোবাসা সেতুবন্ধনে...'

প্রদ্যোত/ ২৫ জুন ২০২২

✦