← Back to poetry
❧
পার্থিব
পার্থিব
যে পথটি ছিলো দূর্বাঘাসের
আমাদের খুব চেনা,
সে পথটি আজ কালো পীচে মোড়া
সওদাগরের কেনা!
যে আকাশ ছিলো দিনে নীলে নীল
রাতে আলোকিত চাঁদে,
সে আকাশ আজ কালো মেঘে ঢাকা
দিবানিশি শুধু কাঁদে!
যে বনানী ছিলো সবুজে সবুজ
ফুলে ফুলে সুবাসিত,
সে তরু লতারা শুকিয়েছে কবে
প্রাণহীন ধূসরিত!
যে নদীতে ছিলো উত্তাল ঢেউ
জলের সতত ধারা,
সে নদী আজকে মরুভূমি যেন
নিষ্প্রাণ গতিহারা!
যে পাখি গাইতো ঘুমভাঙানিয়া
চির মোহনিয়া রবে,
সে পাখি কবেই উধাও হয়েছে
নাগরিক উৎসবে!
যে সময় ছিলো তোমার আমার
স্বপ্নের জাল বোনা,
সে সময় গ্রাসে নিন্দিত ত্রাসে
শকুনের আনাগোনা!
যে হৃদয়ে ছিলো প্রেম ভালোবাসা
শব্দিত চিরকাল,
সে হৃদয় জুড়ে জমেছে কেবল
পার্থিব জঞ্জাল!
যে তুমি আমার যে আমি তোমার
জনম জনম ধরে,
এ জনমে এসে হয়ে গেছি পর
নিজেদের অনাদরে!
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন।
✦