← Back to poetry
❧
সেই একটা তুই
সেই একটা তুই
তুইই আমার দাড়ি কমা সেমিক্লোন
তুই ছাড়া কোনো যতি চিহ্নই
পারেনা আমার অনুভূতিকে রুখতে
তুইই আমার ছন্দহীন ছন্দময়তা
আমার গৃহের আনাচে-কানাচে কীট-পতঙ্গের সহবাস
পরিধেয় বসন কিংবা নোংরা বেডসীটে
অবাঞ্চিত কবিতার আনাড়িপনা
তুই আমার অন্তহীন প্রহর
দিন রাত্রি সবই তুই
তুই আমার না লেখা পংক্তিমালা
আমার দেবী চির আরাধ্য প্রতিমা
আমার কল্পলোকের চাবি তুই
আমার ছিন্নমূল অসহায় সময়ের প্রেরণা
এবং যাবতীয় নষ্টামির স্মৃতি
তুইই আমার নিজের সাথে আমি-আমি খেলা
তোর জন্যে প্রাণের কথারা উদগ্রীব সারাবেলা
প্রদ্যোত
✦