← Back to poetry
❧

সিদ্ধ/নিষিদ্ধ?

Poetry

সিদ্ধ/নিষিদ্ধ?

লংকা পেলে রাবণ সবাই
নিত‍্যনতুন আইনে কসাই
ইতিহাসই করছে জবাই
সিদ্ধিখেকো উন্মাদনার গানে

কে যে কারে সিদ্ধ করে
বিদ্ধ ও নিষিদ্ধ করে
বৃদ্ধবোধেই ঋদ্ধ করে
যায় না কিছু সিদ্ধিদাতার কানে

গনেশঠাকুর উল্টে গেলে
ভরবে কাকে কে কোন জেলে
ভাজবে কে কৈ কৈ-এর তেলে
শেষের হিসাব জনগণই জানে

শাক দিয়ে মাছ যায় না ঢাকা
রাস্তা চেনায় গাড়ির চাকা
বাজলে বেশি কলসি ফাঁকা
গলাবাজি গলায় দড়িই টানে

প্রদ্যোত

✦