← Back to poetry
❧
কথা বলো
কথা বলো
দেখছো না কিছু, শুনছো না কিছু
বলছো না কিছু বলে
শিয়ালরা সব গর্তের থেকে
বেরিয়েছে দলেদলে।
মুখ কি শুধুই গেলার জন্য
কথার জন্য নয়?
চুপ থাকো কেন নির্বোধ হয়ে
কেন মিছে করো ভয়?
তুমি নির্বাক তাইতো শিয়াল
ধরেছে বাঘের বেশ,
চুপ থেকে থেকে তোমরা আজকে
বিকিয়ে দিয়েছো দেশ।
সুযোগ কি ছাড়ে ধূর্ত শিয়াল?
মুরগি যখন তুমি!
ছানাপোনা শেষ, তুমিও খতম
ধ্বংস স্বদেশভূমি!
মুখে দিয়ে তালা ঢুকেছো খাঁচায়
ভেবেছ বেঁচেছে গা!
কথা বলো জোরে প্রতিবাদী স্বরে
নইলে বাঁচবে না।
প্রতিবাদী হও মিলিত কণ্ঠে
নইলে বাঁচবে না।
প্রতিরোধ গড়ো হাতে হাত রেখে
নইলে বাঁচবে না।
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
✦