← Back to poetry
❧

এই নষ্ট পৃথিবী আমার নয়

Poetry

এই নষ্ট পৃথিবী আমার নয়

যে পৃথিবী হবার কথা ছিল
প্রতিটি নিষ্পাপ শিশুর
যে পৃথিবী হবার কথা ছিল
সদ্য অংকুরিত প্রতিটি পাতার
যে পৃথিবী হবার কথা ছিল
প্রতিটি নাফোঁটা কলির
ফুল পাখি পাতার সাথে হেসে খেলে গেয়ে
বেড়ে ওঠার কথা ছিল শিশুর যেখানে
সে পৃথিবী আজ শ্বাপদের দখলে

যেখানে বিপন্ন বৃক্ষ পুষ্প শিশু
সভ্যতা যেখানে নিকৃষ্টতম বর্বরতার নামান্তর
ধর্ম জাতি রাষ্ট্রের নামে যেখানে
প্রাণোচ্ছল শিশুর ছোট্ট আদুরে শরীর
ছিন্নভিন্ন হয়ে রক্তাক্ত নিথর
পড়ে থাকে নাগরিক করিডোরে
সেই নষ্ট পৃথিবী আমার নয়

প্রদ্যোত

✦