← Back to poetry
❧

লোকান্তর

Poetry

লোকান্তর

যে লোকালয়ে লোকেদের মনোজগতে
লুকানো শুধু লোভ লালসা স্বার্থপরতা
হিংসা বিদ্বেষ ঘৃণা পরনিন্দা পরচর্চা
আর কুসংস্কারচ্ছন্নতায় ঘেরা অজ্ঞানতার
দুর্গন্ধময় পোকামাকড়ের ঘর বসতি,
যেখানে মিথ্যার বর্ণিল গল্পে মানুষখেকো গাছ
শাখা প্রশাখা বিস্তার করে নিমেষেই গ্রাস করে নেয়
সত্যের যাবতীয় তথ্য উপাত্ত,
যেখানে বিকৃতমস্তিষ্কের ঘৃণ্য জানোয়ারের
লোলুপ দৃষ্টির সায়ানাইড বিষাক্ত করে
ঘর গৃহস্থালী শয়নকক্ষ নারী বালিকা বধূ
আর সুললিত যাপিত সময়,
যেখানে অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সমন্বয়ে
অধিকাংশ গৃহকোণ হয়ে ওঠে
মেধা বিধ্বংসী এক একটি টর্চারসেল,
সেখানে কোন আলো জ্বালতে
নিজের জীবনী করো ক্ষয়?

যে লোকালয়ে তোমার আগমনে লোকেদের গাত্রদাহ হয়
সেখানে কেন থাকো?
যেখানে মেধা মনন সৃজনশীলতা
মানবিকতা কিংবা সুকমল বৃত্তির কোনো মূল্য নেই,
সেখানে কেন অপচয় করো মূল্যবান মূহুর্ত?
যেখানে শুভ উদ্যোগ বারংবার আক্রান্ত হয়
অশুভ শক্তির আগ্রাসনে
সেখানে কীসের শিল্পীত ভাবনায় কালক্ষেপণ?

যার যা প্রাপ্য নয় তাকে তা দিতে নেই
দুষ্প্রাপ্যকে আমের নাগালে আনা ভুল
ভূলোকে ভুল লোক চিনতে পারো না কেন?

ছাড়ো, সব ছেড়েছুড়ে যেখানে তোমার গুণের কদর আছে
চলে যাও কবি, সেই সুহৃদ আর প্রকৃতি মায়ের কাছে।

প্রদ্যোত

✦