← Back to poetry
❧
প্রকাশ্য
প্রকাশ্য
প্রকাশ্যে জোচ্চুরি, জালিয়াতি, ধান্ধা
অবৈধ ব্যবসার ধুম
প্রকাশ্যে ঘুস খাওয়া, চাঁদাবাজি, সন্ত্রাস
মিথ্যার ছায়াঢাকা গুম
প্রকাশ্যে মারামারি, হানাহানি, সংঘাত
সুশীলের অশালীন দ্বন্দ্ব
চেতনার মাথাখেয়ে রাজনীতি স্বার্থে
প্রকাশ্যে করা গালমন্দ
ধর্মের নামকরে প্রকাশ্য বাণিজ্যে
ভণ্ডের বেড়ে উঠে ভুড়ি
আইনের মারপ্যাঁচে মানবিক বোধগুলো
প্রকাশ্যে হয়ে যায় চুরি
প্রকাশ্যে বেদখল হয়ে যায় ভিটেমাটি
অযাচিত দানবের তোড়ে
প্রকাশ্যে সূর্যটা কেড়ে নেয় কালোমেঘ
ঝলমলে আলোকিত ভোরে
প্রকাশ্যে মিথ্যারা চাটুকারি বাহবায়
সহাস্যে বিজয়ীর বেশে
সত্যেরা মাথাকুটে পরাজিত হামেশাই
প্রকাশ্যে আমাদের দেশে
প্রকাশ্যে সব সওয়া আমাদের সংস্কৃতি
টাকা হলে সাত খুনও মাফ
প্রকাশ্যে চুমু খাওয়া ঘোরতর অপরাধ
প্রকাশ্যে ভালোবাসা পাপ
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
✦