← Back to poetry
❧

লুসিফার

Poetry

লুসিফার

তোমাদের কারো সাথে
কোন প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার
কোন রকমের ইচ্ছা বা সময় আমার নেই
আমিই আমার একমাত্র প্রতিযোগী
প্রতি পদক্ষেপে নিজেকে অতিক্রম করে যাওয়াই আমার নেশা
আমি নিজেই আমার নিজের প্রশিক্ষক
এবং আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি

প্রকৃতির পাঠশালার যাবতীয় জ্ঞান আহরণ
এবং নিজেকে সুদক্ষ করে গড়ে তোলায়
আমি ব্যস্ত প্রতিক্ষণ
নিজেকে বারবার ভাঙি
বারবার নতুন রূপে সাজাই
আমার নিজের খুঁত আমি যত ধরতে পারি
তোমাদের সমালোচনা তার কাছে কিছুই নয়
আমার এবং তোমাদের যাবতীয় ভুল থেকে
ক্রমাগত শিখে শিখে
আত্মপ্রেমে মগ্ন আমি বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম হই
আশৈশব ডিএনএ'র ভূত তাড়াতে তাড়াতে
আমি ক্রমশ হয়ে উঠেছি ক্লিনিক্যাল ডেভিল
তোমাদের ঘাড়ের যাবতীয় ভূতের ভাষাও আমার জানা
তাই প্রতিযোগিতায় আমাকে পাবে না কখনো

পাশে তাকাবার সময়ই আমার নেই
পিছন ফিরে তাকাবার তো প্রশ্নই ওঠে না
পারলে অনুসরণীয় হয়ে সামনে থাকো
আমি স্যালুট জানাবো
পিছন থেকে অহেতুক ডেকো না আমায়
তোমরা ল্যাং মারা শিখেছো
পিছন থেকে আঘাত করে আহত করতে শিখেছো
শিখেছো কাদা ছুঁড়ে পথ পিচ্ছিল করা
ওগুলো কোন দক্ষ ক্রীড়াবিদের কৌশল নয়
জেনে রেখো, আমি লাথি মেরে ডিঙিয়ে যেতে জানি

প্রদ্যোত

✦