← Back to poetry
❧

রুদ্র হয়ে এসো আর একবার

Poetry

রুদ্র হয়ে এসো আর একবার
[রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মরণে]

তুমি চৌত্রিশে যা পেরেছিলে
আমি পঞ্চাশেও তা পারিনি
হয়তো তোমার দ্রোহের শব্দমালা
আমার অন্তরাত্মাকে আলোড়িত করেছে
কিন্তু পরিনি সে কথার স্ফুলিঙ্গকে
দাবানলে রূপান্তরিত করে
ছড়িয়ে দিতে ঘুনেধরা সমাজের পরতে পরতে
নিয়ম মেনে নিয়ম ভাঙার যে কৌশল রপ্ত করেছিলে
নজরুলের শিকল পড়ে শিকল ভাঙার ছলের মতো
তাতে উজ্জীবিত হলেও, পারিনি ভেঙে দেখাতে
একটিও অসঙ্গতির তথাকথিত নিয়ম
তোমার নির্ভীকতার বীজমন্ত্র ধারণ করেছি ঠিকই
পারিনি তার বাস্তবায়ন ঘটাতে
তোমার দেখানো পথে উদ্বুদ্ধ হলেও
মাড়িয়ে দেখিনি সে পথের একটিও ঘাস
বাতাসে লাশের যে গন্ধ পেয়েছিলে
দূর করতে পারিনি আজো
আমার ও আমাদের সামগ্রিক সুশীল ব্যর্থতায়

তোমার অনুপস্থিতি বড্ড অনুভব করছি
আর একবার ভূমিষ্ঠ হও রুদ্র, রুদ্র বৈশাখী ঝড় হয়ে
তছনছ করে দিতে জাগতিক কলুষতার
যাবতীয় ব্যারিকেইড

প্রদ্যোত
কাব‍্যগ্রন্থ / দ্রোহের জলে দহন

✦