লজ্জ্বা
লজ্জ্বা
যে দেশে বিজ্ঞান শিক্ষাদানের অপরাধে(!)
শিক্ষককে জুতারমালা পরানো হয়
চুল বড় রাখায় লালন শিল্পীর চুল কেটে ফেলা হয়
পুড়ে অঙ্গার হয় তানপুরা, একতারা, বেহালা
ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় লালনের ভাস্কর্য
বোমা হামলা হয় রমনা বটমূলে, উদীচীর মঞ্চে
ঘরে বাদ্যযন্ত্র রাখা যেখানে হারাম
সেখানে শিক্ষক কেমন করে
শিক্ষার্থীর সাথে বন্ধুসুলভ আচরণ করে?
শিক্ষক আবার বন্ধু হয় কীভাবে?
শিক্ষার্থীদের বেড়াতে নিয়ে যাওয়া
কফিশপে বসা, একসাথে রিক্সায় ওঠা
ওরেব্বাবা, এতো মহা অপরাধ!
পুরুষ শিক্ষক আবার কখনো মেয়ে শিক্ষার্থীকে
একাকি পাঠদান করাতে পারে নাকি?
ওখানে কমান্ডো পাহারা বসানো প্রয়োজন
শিক্ষকের আবার চুল বড় থাকে কীভাবে?
কালচারাল একাডেমি আবার কী?
হায় হায় কীভাবে এসব সহ্য করছে -
এই দেশ, সমাজ, প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী!
নরক হয়ে গেল, নরক! সব জাহান্নামে গেল!
এসব শিক্ষকদের একটা একটা করে
চুল ধরে রাস্তায় নামিয়ে আনুন
ইচ্ছে মতো কিল, ঘুসি, লাথি মারুন দলবেঁধে
শরীরের যতো শক্তি আছে তার সব প্রয়োগ করুন
মারতে গিয়ে যতোক্ষণ নিজেদের হাত না মস্কায়
ততক্ষণ মনের ভিতরের সব পশুকে জাগিয়ে তুলে মারুন
যে চোখ দিয়ে সুন্দর আগামী দেখা হয়,
সেই চোখে মারুন
যে মুখ দিয়ে গান, কবিতা, সুবচন নিঃসৃত হয়,
সে মুখ ভেঙে দিন
বুকে এমন আঘাত করুন
যেন সেখানে কখনো ভালোবাসার বীজ
অংকুরিত হবার সাহস না পায়
আরে ভয় নেই, আপনার কিচ্ছু হবে না
মামা, চাচা, শশুর, শ্যালক
আর টাকারতো ছড়াছড়ি আপনার
সব ম্যানেজ হয়ে যাবে
উল্টো মারতে গিয়ে নিজের মস্কানো হাত দেখিয়ে
কয়েকটা জাল মেডিকেল এভিডেন্স দিয়ে
ওই শিক্ষক বজ্জাতদের লাল দালানে ভরে দেবেন
নারী হয়ে শাড়ী বা শার্টপ্যান্ট পড়ে
এখনো কীভাবে পুরুষের সামনে থাকছেন মহাত্মন(!)
জলদি কোন বস্তায় ঢুকে পড়ুন
তা নাহলে কোনো রোমান্টিক কুকুর পিছু নেবে আপনার
আপনার পশ্চাতের গন্ধ শুকতে শুকতে
ঠিক পৌঁছে যাবে আপনার বেডরুমে
সতর্ক হোন সব্বাই, জাহান্নাম হয়ে উঠছে চারপাশ
ছেলেমেয়ে সব উচ্ছন্নে যাচ্ছে
ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা করার সময় পায় কীভাবে?
ওসব কাফেরদের কাজ
ওগুলো করে বাচ্চাকাচ্চা সব উচ্ছৃঙ্খল হয়ে যাবে
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েই বা পড়াচ্ছেন কেন?
কীসব পোশাকআশাক ফ্যাশনে চলে, দেখেছেন?
ইহকাল তো বেলাল্লাপনায় ধ্বংস করবেই
পরকালেও ভগবান শিকে ভরে গ্রীল বানাবে
তারচেয়ে ওদের গড সাইন্সে পড়ান
পুটু রিসার্চার, কুলুকবিজ্ঞানী বা কাশাকুশাতুলসি কেমিস্ট হয়ে
জাতিকে নিয়ে যাবে উন্নয়নের শীর্ষে
গান কবিতা নাচ করা মানুষের জন্য মহাপাপ
বন্ধ করুন, বন্ধ করুন এইসব
ভেঙেচুরে গুঁড়িয়ে দিন হারমোনিয়াম, তবলা, গীটার
চেপে ধরুন শিল্পীর কণ্ঠস্বর
কলংকিত করুন ভালোবাসা, মায়া, মমতা
কালো কাপড়ে মুড়িয়ে দিন ছাপ্পান্ন হাজার বর্গমাইল
ভয় নেই, আপনার ও আপনাদের কৃতকর্মের
সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া যাবে
বুদ্ধং স্মরণং গচ্ছামি
প্রদ্যোত