← Back to poetry
❧
অবতার
অবতার
ভ্রান্তি আমার ছিলোনা কিছুই
তোমায় পাবার মাঝে
তাইতো তোমায় সদাই স্মরি
আমার সকল কাজে
জনম জনম সেই স্বর শুনে
ফিরেছি ধরণী তলে
উন্মাদ হয়ে ছুটেছি ধরার
সকল লীলাস্থলে
তুমিও এসেছো কতো তুমি হয়ে
মজেছো আমার প্রেমে
তোমাকে এঁকেছি কতশত রূপে
কতো সময়ের ফ্রেমে
আমরা দু’জন দু’জনার হয়ে
ফিরে আসি বারবার
ভরে দিতে প্রেমে দ্রোহে ও মননে
দুস্তর পারাবার
আমাদের সাথে শিশু ও কলিরা
পুষ্পিত করে ধরা
বিশ্বলোকের ক্যানভাসে আঁকে
সৃষ্টি পরম্পরা
চার-তিন মোটে বাকি এবারে
যদি না রচিতে পারি
ধ্বংসের ক্ষুধা কালনিশি হয়ে
খেয়ে দেবে বই-বাড়ি
তবে আর কেন দেরী প্রিয়তম
এসো বাহুডোরে বাঁধো
মিলিত কণ্ঠে অনুনাদ হয়ে
সৃষ্টির সুর সাধো
প্রদ্যোত
✦