ভেজাল আমি
ভেজাল আমি
একা একা কতোটা পথ পাড়ি দিয়ে
আজ তোমাদের সামনে বিরাজমান যে আমি
তার অর্ধ-শতাব্দী লেগেছে মানুষ হতে
তাও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি
ধূলো বালি শ্যাওলা সব ঘষে-মেজে
এখনো ঝকঝকে তকতকে করতে পারিনি
রন্ধ্রে রন্ধ্রে আঁঠার মতো লেগে আছে
রকমারি পশুর বিষ্ঠা
যে পশুগুলো লুকিয়ে ছিলো অন্তরের আঁধার গুহায়
বিকৃত সব জানোয়ার, রক্তলোলুপ, সর্বগ্রাসী, সর্বভুক শ্বাপদ
দুইশো পনেরো কোটি সেকেন্ড ধরে
যুদ্ধ করতে হয়েছে প্রতিটি পলে
মেরেছি সব, কিন্তু কোনোটা কোনো অন্তরালে
ডিম পাড়েনিতো?
বিজ্ঞানের চৌকস যুগে
ওগুলোকে নিঃশেষ করার রাসায়নিক নিশ্চই পাওয়া যাবে
আর মাত্র কিছু সময়, অতঃপর পূর্ণাঙ্গ মানুষ!
এমন ভেজালে ভরা কাঁচামাল রফতানি করলো ব্যাটা ঈশ্বর!
এরকম দুইনম্বর মাল কেউ সাপ্লাই করে!
নিজেরটাকে পরিষ্কার করতে পঞ্চাশ গেল
আশেপাশেরগুলোকে করবো কখন?
আর ওরা নিজেদের ভিতরের পশুগুলোকে মারেতো?
নাকি আবার লালন-পালন করে
নিজেরাই ওই পশু হয়ে যায়!
জীবনেও আর মানুষ হয়ে পয়দা হবোনা
ভগবান শালা যদি দুইনাম্বারী না করে
একদম ফ্রেশ মাল মর্ত্যে চালান দেয়
সেক্ষেত্রে একটা খোসায় ঢুকে পরার চিন্তা করা যেতে পারে!
প্রডাকশনের পর পঞ্চাশ বছর যদি লাগে শোধনাগারে
তবে এমন জিনিস সাপ্লাই বন্ধ করাই ভালো
ভগবানের কোম্পানির প্রেস্টিজ বলে কিছু রইলো!
ব্র্যান্ডের মাল খাঁটি হবে,
তা না, শালা ভগবানকে ভেজালের ভুত খেলো
এখন বোঝো!
ঠেলা সামলাও!
বুড়ো বয়সে দুইনাম্বারী!
লজ্জ্বা করেনা তোমার?
এই মানুষ(?) আইটেমটা নাকি
তোমার লেইটেস্ট প্রডাকশন!
আসো একবার, দেইখা যাও
কি ভেজাল মালে পৃথিবী সয়লাব করছো
শালার ভুয়া কোথাকার!
মানুষ আর হইলানা
ভালো মাল বানাও, তো তোমার লগে আছি
আর নইলে ... মুড়ি মাখাইয়া খাও
আমি দুইনাম্বারিতে নাই!
প্রদ্যোত