← Back to poetry
❧
ফিরে এসো, প্রিয়তমা
ফিরে এসো, প্রিয়তমা
সময়ের এই ক্রান্তি লগ্নে
বড্ড বেশি প্রয়োজন ছিলো তোমাকে, প্রিয়তমা।
এতো এতো খুঁজলাম-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল তন্নতন্ন করে,
পেলাম না!
তোমাকে ছাড়া অপূর্ণাঙ্গ আমি।
অপূর্ণাঙ্গ আমার চেতনা, আমার যাবতীয় স্বপ্ন,
জীবনের উদ্দেশ্য বিধেয় সব।
জানি তুমি এসেছো আবার আমারই মতো-
এক অকস্মাৎ পরিবর্তনের টর্নেডো হতে,
ভেঙ্গে গুড়িয়ে দিতে মাতৃভূমির শত্রুদের অস্তিত্বের বেদি।
আমি প্রতীক্ষারত-
ফিরে এসো প্রিয়তমা, প্রীতিলতা।
দেশমাতৃকার শত্রু বিনাশে
যে কর্মযোগে নেমেছিলাম,
এসো পুনঃর্বার সে স্বপ্ন পুরণ করে মরি,
তোমার অন্তর্ধান দিবসে
এ আমার প্রাণের আকুতি।
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
💕
প্রীতিলতা ওয়াদ্দেদার
(০৫.০৫.১৯১১ - ২৩.০৯.১৯৩২)
✦