← Back to poetry
❧

কিচ্ছু চাইনা

Poetry

কিচ্ছু চাইনা

এই সোনার দেশে
কারোর কাছে কিচ্ছু চাইনা
না সহানুভূতি, না মমতা, না ভালোবাসা
না বাকস্বাধীনতা, মুক্তপেশা বা মুক্তচিন্তার অধিকার
না অর্থ, সম্পদ, অনুগ্রহ, অনুকম্পা, ক্ষতিপূরণ
না সুস্থ জীবন কিংবা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা
না হত্যা, ধর্ষন, লুট অথবা অন্যকোনো জুলুমের বিচার
কিচ্ছু চাইনা, কিচ্ছু না..

ধর্মের রাজনীতি কিংবা রাজনীতির ধর্মে
যেখানে বশীভূত সমুদয় মানবিক চেতনা
সেখানে কার কাছে কী চাইবো?

নিজের কাছেই নিজের বিপ্লবী চেতনার
একক সৈনিক সত্তার উন্মেষ ছাড়া
কারোর কাছেই কিচ্ছু চাওয়ার নেই আমার!

প্রদ্যোত

✦