← Back to poetry
❧

পুরনো খতিয়ান

Poetry

পুরনো খতিয়ান

তোমরা মতাদর্শ তৈরি করলে
আমরা বিমোহিত হলাম
প্রতিনিয়ত তোমাদের আদর্শিক বিশ্লেষণে
নিজস্ব স্বকীয়তার ছিটেফোঁটাও অবশিষ্ট রইলো না
তোমাদের খতিয়ানে লাভের অংক
ক্রমশ ফুলেফেঁপে মানচিত্র ছাড়ালো
আমারা হারালাম সব-
চিন্তা, চেতনা, বিবেক, মনস্তাত্ত্বিক ক্ষমতা
তোমরা আখের বোঝো বলেই
আমাদের 'ভূগোল' বুঝালে
তোমরা ব্যক্তিস্বার্থ বোঝো বলেই
আমাদের দিলে সামষ্টিক উৎকর্ষের জ্ঞান
আবার শোষিতের ঐক্যে ফাটল ধরাতে
সুকৌশলে শিখিয়ে দিলে বিভাজনের ধারাপাত
কল্পিত বাস্তবের ধোঁয়া তুলে
তিলতিল করে নিজেদের কাছেই
আমাদের করে দিলে অচেনা
কল্পগল্পের ধারাবাহিক মানসিক প্রেষণায়
দিন শেষে এখন আর
এই হিসেব নেয়ার সামর্থ্যও হারিয়েছি-
কী পেলাম?

প্রদ্যোত

✦