← Back to poetry
❧

গিট্টু-ফটাশ

Poetry

গিট্টু-ফটাশ

কে যে কীসে আটকায়?
কোন চিপা ফাঁকটায়
ইলিশে না জাটকায়
বাঁসি নাকি টাটকায়
কী দেখে কে হট খায়
কোথায় কে লটকায়
লটকিয়ে কট খায়
এসবের খটকায়
চিকন আর মটকায়
আটকানো ঝটকায়
ফেইসবুকে জট খায়

লটকিয়ে কট খেয়ে
তাও থাকে বায়না
কাউকে তো কিছুতেই
আটকানো যায় না
আটকায় লোক শুধু
ক্ষমতা ও টাকাতে
বলদরা আটকায়
দূষণের ঢাকাতে
লুটো-ধন আটকায়
সুইডিশ ব্যাংকে
আমলারা আটকায়
তোষামোদি Rank-এ
কালো টাকা আটকায়
ধনীদের বালিশে
বিড়াল কি আটকাবে
ইঁদুরের নালিশে?

জালে আটকানো যায়
কই পুঁটি বোয়ালে
ষাড় মোষ তাও যায়
বাঁশেঘেরা গোয়ালে
ভালো দুধ আটকাবে
খাঁটি গাই দোয়ালে
দুর্নীতি আটকাবে
লাঠি পিছে ছোঁয়ালে
বাহুডোরে আটকে যে
সেপিয়েন্স শোয়ালে
কৃষ্ণলীলার ছলে
সব কিছু খোয়ালে!

প্রেম-বিয়ে ও কিছু না
আটকানো বাহানা
আটকিয়ে দেখো যাহা
আসলে তা তাহা না
আটকাতে গিয়ে তুমি
মারো যতো গিট্টু
ফটাশ তা হয়ে যাবে
ফুটো হলে ইকটু
গিট্টু ফাটার আগে
ফুটো করো বন্ধ
লাগে আঠা ধার নাও
শেষ হোক দ্বন্দ্ব।

প্রদ্যোত

✦