পরাজিত কষ্ট
পরাজিত কষ্ট
"কষ্ট করলে কেষ্ট মিলবে",
শুনেছি কিশোরকালে,
সেই থেকে আমি বুনছি কষ্ট
কেষ্টকে পাবো বলে।
কত যে কষ্ট বুনেছি হৃদয়ে
বছর বছর ধরে,
কেষ্ট মেলেনি, কষ্ট বেড়েছে
হৃদয়ের থরে থরে।
কষ্টে কষ্টে নষ্ট করেছি
কতো যে সোনালী বেলা,
অযথা কষ্ট! বৃথাই কষ্ট!
নিজেকে করেছি হেলা।
হেলায় ফেলায় বয়স বেড়েছে
সময় হয়েছে শেষ!
দু'দশক পরে হঠাৎ দেখি
আমিই নিরুদ্দেশ!
খুঁজতে খুঁজতে যেটুকু পেয়েছি
কষ্টার্জিত 'আমি',
সেটুকু নিয়েই বিদ্যুৎ বেগে -
আবার পথেতে নামি।
অনেকটা পথ পিছনে পরেছি
আর নয় অবহেলা,
কেষ্টকে পেতে কষ্টকে নিয়ে
বন্ধ করেছি খেলা।
বহুক্রোশ পথ পাড়ি দিতে হবে
সময় বড্ড কম,
নতুন করে চাইনা আবার
অযথা কষ্ট-ভ্রম।
নষ্ট 'আমি'কে সৃষ্টি করতে
হরদম লেগে রই,
'স্বপ্ন'কে দিয়ে হৃদয় ভরেছি
কষ্টের স্থান কই!
স্বপ্ন আমার, 'আমি'কে গড়ার
স্বপ্ন স্বদেশ ঘিরে,
স্বপ্ন দেখছি; নতুন বিশ্ব!
শান্তি প্রতিটি নীড়ে।।
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন