← Back to poetry
❧

নিভে যাওয়া শৈশবের আলো (এক নীরব কান্নার কথকতা)

Poetry

নিভে যাওয়া শৈশবের আলো
(এক নীরব কান্নার কথকতা)

রঙিন ঘরের কোণে যেখানে হাসি ফুটে ওঠার কথা ছিল
সেখানে আজ নেমে আসে ধূসর এক নীরব কান্না-
ছোট্ট ছোট্ট মুখ, অর্ধেক বলা স্বপ্নের মতো
হঠাৎ থেমে যায় নিঃশ্বাসের অদৃশ্য দরজায়।

যেখানে মায়ের আঙুলে আঙুল জড়িয়ে
শিশু শেখার কথা ছিল পৃথিবীর প্রথম গান,
সেখানে বাতাসে ভাসে জ্বরের আগুন,
চোখের কোণে জমে থাকে অচেনা যন্ত্রণার জল।

কে এলো এমন ছায়া নিয়ে
কে ছুঁয়ে দিল কোমল জীবনের ফুল?
যে হাসি ছিল আকাশ ছোঁয়ার সাহস-
সে হাসি আজ কুঁকড়ে যায় অসহায় শরীরের ভেতর।

বাবার বুকের ভেতর যে স্বপ্ন বাঁচত প্রতিদিন,
মায়ের আঁচলে যে ভবিষ্যৎ ঘুমাত শান্তভাবে-
আজ তারা দু’জনেই দাঁড়িয়ে শূন্যতার দরজায়,
নিঃশব্দে ভেঙে পড়ে প্রতিটি নিঃশ্বাসের শব্দ।

পৃথিবী, তুমি কি এতটাই ভারী হয়ে গেলে
যে শিশুর কান্না আর তোমার কানে পৌঁছায় না?
ক্ষমতার হিসাবের খাতায় কি হারিয়ে যায়
একটি ছোট্ট প্রাণের মূল্য, একফোঁটা রক্তের উষ্ণতা?

নীরব আকাশ আজ সাক্ষী থাকে-
মানুষের ভুলে, অবহেলায়, অন্ধ ব্যবস্থার ছায়ায়
কীভাবে নিভে যায় শত শত প্রদীপের আলো,
কীভাবে থেমে যায় ভবিষ্যতের প্রথম পদচিহ্ন।

তবু কোথাও এক মায়ের চোখে জ্বলে থাকে আগুন,
এক বাবার স্তব্ধ বুকে জেগে ওঠে প্রশ্নের নদী-
কে ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া শৈশবের রং?
কে শোনাবে এই নীরব মৃত্যুর বিচার?

সময় লিখে রাখে সব কিছু-
প্রকৃতি রাখে তার নীরব হিসাব,
আর অদৃশ্য কোনো দরবারে জমা হয়
প্রতিটি শিশুর অসমাপ্ত হাসির গল্প…

প্রদ‍্যোত / ০৭ মে ২০২৬

✦