← Back to poetry
❧

অশ্রুর শেষ আশ্রয়

Poetry

অশ্রুর শেষ আশ্রয়

অযুত ব্যথার ধুলো মেখে
দিনগুলি আজ কেমন ক্লান্ত হয়ে যায়-
মনে হয়, জীবনের প্রতিটি সিঁড়িতে
কেউ যেন লুকিয়ে রেখেছে দীর্ঘশ্বাসের পাথর।

হাসির মুখোশ পরে কতকাল
রক্তক্ষরণ ঢেকে রাখা যায় বলো?
ভেতরে ভেতরে যে মানুষটি প্রতিরাতে মরে,
তার কান্না কি আকাশও শোনে না?

এই বেঁচে থাকা-
কেবলই এক কষ্টের ধূসর দীর্ঘ করিডোর,
যেখানে প্রতিটি দেয়ালে ঝুলে আছে
অপূর্ণ স্বপ্নের ছিন্ন প্রতিচ্ছবি।
চারদিকে মানুষ আছে, শব্দ আছে, আলো আছে-
তবু কোথাও যেন জীবন নেই।

ব্যথিত হৃদয়ই শুধু জানে
কতটা নীরবে ভাঙে আত্মা,
কতটা নিঃশব্দে ঝরে যায় আশা,
কতটা একাকী হয়ে ওঠে মানুষ
নিজেরই ছায়ার কাছে।

রাত্রিগুলো আজ আর ঘুম আনে না,
আনে কেবল মৃত স্মৃতির শীতল পদধ্বনি।
চোখ বুজলেই দেখি-
দুঃখেরা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে
আমার সমস্ত আগামী গ্রাস করতে।

তখন মনে হয়-
মৃত্যুই বুঝি সবচেয়ে কোমল আশ্রয়,
সবচেয়ে নির্ভার অন্ধকার।
যেখানে আর কোনো প্রতারণা নেই,
নেই অপেক্ষার বিষাক্ত দীর্ঘতা,
নেই হৃদয় ভাঙার শব্দ।

যদি শেষ ঠিকানা লিখতেই হয়,
তবে সে হোক দ্রুত, নিঃশব্দ, শান্ত-
যেন বহু ঝড়ে বিধ্বস্ত এক নৌকা
অবশেষে ডুবে গিয়ে খুঁজে পায়
সমুদ্রের গভীরতম বিশ্রাম।

প্রদ্যোত

✦