← Back to poetry
❧

ধ‍্যাৎ

Poetry

ধ‍্যাৎ

তোমার এখন কলাপাতার সবুজ রঙের ষোলো
আমার যদি একুশ কিংবা খুব বড়জোর সাতাশ হতো!
মিলতো দারুন নয় আর ছয়ের অংক কষে
একটা গণিত অলিম্পিয়াড নিতাম জিতে!

ধ‍্যাৎ, কেন যে আগেভাগেই এলাম চলে!
শুধু শুধুই অপচয়ের কয়েক দশক
অবাঞ্ছিত কোলাহলের ধুলোর সাথে
নোংরা করা ব‍্যান্ড জিন্সের পিছন-পকেট।

তখন যদি থাকতে তুমি-
আলসেমিতে ঘুমাতো না মিঠে বিকেল,
সিগারেটের ধোঁয়ার সাথে হারাতো না নীলের আভা,
কফির কাপে জমতো না আর বিষন্নতা।
থাকলে তুমি, হয়তো আমি
হতামই না বোহেমিয়ান,
হয়তো আরও একটু বেশি মানুষ হতাম,
হয়তো আরও একটু বেশি ভালোবাসার
গুছানো এক পুরুষ হতাম!

ছিলে না তাই আমার প্রহর ছন্নছাড়া..
আমিও তাই অচিন পথের পথিক হলাম..

প্রদ‍্যোত / ২০ মে ২০২৬

✦