← Back to poetry
❧

দহন

Poetry

দহন

আমার যাবতীয় সুখে থাকার প্রহরগুলো
অকস্মাৎ প্রহার করছে আমাকে
কিছুই তো ভালো করিনি কখনো
তাও এতো সুখ!
এতো ভালো থাকা কেন আমার?
কেন অসাড় আমার ক্ষেত্রে ধর্মগ্রন্থের বাণী?
পাপিষ্ঠের সুখে থাকা, আর নিষ্পাপের কষ্ট?

সুশীল সুবোধ সুবচন মানুষেরইতো
ভালো থাকার কথা, সুখে থাকার কথা।
তাদের কেন বইতে হয় বেদনার দুর্বিষহ ভার?
দেখতে হয় নিষ্ঠুরতম বাস্তবতা
ভয়ানকতম নির্মম দৃশ্য
শুনতে হয় কষ্টের সিম্ফোনি

কীসের বিচারে চলে বিশ্ব?
নিউটনের তৃতীয় সূত্র কি সত্যি নয় মানবজমিনে!

পাপে জর্জরিত আমার যাবতীয় সুখ
আজ কাঁটা হয়ে চেপে ধরছে কণ্ঠনালী
বহুদিনের জমাটবাঁধা পাপের উত্তাপ
পুড়িয়ে ছারখার করছে অন্তরাত্মা!

আজ সারারাত মেঘেমেঘে ছুটে
ভীষণ বৃষ্টি হবো!

প্রদ্যোত

✦