← Back to poetry
❧
চাইনা কারো প্রেম (লিরিক)
চাইনা কারো প্রেম (লিরিক)
আমার কথারা শুধু নির্বাক জ্বালাময়
অন্ধকারে খোঁজে আলোর দিশা,
অজস্র অনুভূতি জীবনের কারাগারে
গুমড়ে কেঁদে মরে বাড়ায় তৃষা।
আমার কামনা শুধু মরীচিকা দেখে দেখে
হারায় যে চেনা পথ সূর্যের দিন,
বেদনার মালা পরে আমার বাসর ঘরে
একা আমি পরে থাকি সঙ্গীবিহীন।
আমি চাইনা, চাইনা কারো প্রেম
ওগো সুন্দর পৃথিবী,
আমার ভালোবাসা সবটুকু তোমায় দিলেম।
কেন শুধু বিষাদে আমার জীবন পথে
আগাছারা পরে থাকে কণ্টকিত,
সঞ্চিত যত কথা বাড়ায় মনের ব্যথা
বেদনার নাগপাশে জর্জরিত।
তবুও বাঁচবো বলে নতুন স্বপ্নে কোন
শোধ করে দিয়ে সব ভালোবাসা ঋণ,
নিঃসঙ্গতা থাকে আমার সঙ্গী হয়ে
অনন্ত অনুভবে রাত্রি ও দিন।
আমি চাইনা, চাইনা কারো প্রেম
ওগো সুন্দর পৃথিবী,
আমার ভালোবাসা সবটুকু তোমায় দিলেম।
প্রদ্যোত
✦