← Back to poetry
❧

কেমন করে যাও?

Poetry

কেমন করে যাও?
[আইয়ুব বাচ্চু স্মরণে]

হয়তো বুঝিনি হাসতে হাসতে গাইতে থাকা
অনেক কথায় মুখর
তোমার হাসি শেষের নীরবতার মানে
কিংবা তোমার একটা নির্ঘুম রাতের কষ্ট
কিংবা বড্ড বেশি কাঁদিয়েছি তোমায়
তাই বলে রূপালী গীটার ফেলে
সবার প্রিয় গানের পাখি 'সেই তুমি'
অকস্মাৎ অচেনা হয়ে
এই অবেলায় উড়াল দেবে আকাশে!
তোমার ফেরারি মনটা নিয়ে
আমাদের বুকভাঙা কান্নার জলে ভেলা ভাসিয়ে
পাড়ি দেবে অচিন দেশে!

অভিমান কি শুধুই তোমার একার?
আমাদের নেই!
এতো এতো ভালোবাসা উপেক্ষা করে
ইচ্ছে হলেই চলে যাবে!
দেবো না যেতে!
হৃদয়ের মাঝে গেঁথে নিয়েছি
তোমার চিরায়ত তারুণ্য
কেমন করে যাবে?

প্রদ্যোত

✦