← Back to poetry
❧

একটু জীবন চাই

Poetry

একটু জীবন চাই

দেহজ মৃত্যুর আগে মরেছি তো বহুবার
মৃত্যু মৃত্যু খেলতে খেলতে আমি ক্লান্ত, অবসন্ন
এবার একটু জীবন চাই
মৃত্যু মানে তো পালিয়ে বাঁচা
ওভাবে পালাতে পালাতে
মরণের প্রতি ঘেন্না জন্মে গেছে আমার
এবার একটু জীবন চাই
একমুঠো জীবনের সুখ
ক্লান্তিময় মরণের পর প্রানময় পরিত্রাণ

বারবার মরবার যে অভিজ্ঞতা
তাই হোক জীবনের পুঁজি
সোপানের বেদী হতে ধীরলয়ে পূণর্বার
পুনর্জন্ম নিয়ে যাত্রা হোক শুরু
সময়কে বরণ করার এই তো মাহেন্দ্রক্ষণ
সময়ের গতিময়তাই জীবন
সময়ারোহনই অনন্ত শান্তি, প্রশস্ত বিশ্রাম
আর মৃত্যু মানে অনাহুত ছুটে চলার ক্লান্তি
আমি বিশ্রাম চাই
পরিশ্রান্ত মরণের পর
একমুঠো একটু জীবন

প্রদ্যোত

✦