← Back to poetry
❧

একটা আমি

Poetry

একটা আমি

একটা আমি'র কষ্ট ভীষণ, একটা আমি সুখে
একটা আমি সব হারিয়েও থাকছে হাসিমুখে
একটা আমি বেজায় রসিক, একটা আমি বোকা
একটা আমি বাসতে ভালো খাচ্ছে শুধুই ধোঁকা
একটা আমি বদ্ধ ঘরের, একটা আমি মুক্ত
একটা আমি মুক্তি পেয়েও সংকটে সংযুক্ত
একটা আমি বড্ড ভীরু, একটা আমি বীর
চঞ্চলতার একটা আমি চেতনায় স্থির
একটা আমি করছে ঘৃণা বিপন্নতায় ধুঁকে
একটা আমি বাসছে ভালো পাথর চেপে বুকে
একটা আমি মাটির কাছে, একটা আকাশ খোঁজে
একটা আমি সব দেখেও না দেখে চোখ বোঁজে
একটা আমি সহজসরল, একটা আমি ধূর্ত
একটা আমি'র চিন্তাজগত বিমূর্ততায় মূর্ত
একটা আমি আটকে থাকে ভুল সময়ের বাঁকে
একটা আমি সব বুঝেও অবুঝ হয়ে থাকে

এক আমিটা মিলিয়ে যাই লক্ষ আমি'র মাঝে
অগণ্যে ফের গণ্য একক হই জীবনের সাঁঝে

প্রদ্যোত
কাব‍্যগ্রন্থ / দ্রোহের জলে দহন

✦