উজবুকিস্তান
উজবুকিস্তান
এখানে উজবুকিস্তান নামে একটি দেশ ছিল। এত উর্বর সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমি পৃথিবীতে খুব কমই সৃষ্টি হয়েছে। নাতিশীতোষ্ণ মণ্ডলে পাললিক ভূমি বীজের অঙ্কুরোদগমের জন্য সবচেয়ে উপযোগী বলে এখানে সবকিছুই ছিল ভীষণ উর্বর। ভূমি উর্বর, বায়ু উর্বর, উর্বর জল, কীট, পতঙ্গ, মাছ, পাখি ও প্রাণিকুল। সবকিছুই দারুন রকমের উর্বর! আর সবচেয়ে বিস্ময়কর রকমের উর্বর ছিলো এখানকার হোমো স্যাপিয়েন্সরা। বীজ ক্ষেত্রে পতন মাত্রই অঙ্কুরোদগম! গিজগিজ করত হোমো স্যাপিয়েন্স এখানে। হাটে, মাঠে, বাজারে, বন্দরে, শহরে ভীষণ গাদাগাদি। উর্বরতার চূড়ান্ত সীমায় ছিল এখানকার হোমো স্যাপিয়েন্সগুলো। এগুলোর মস্তিষ্ক ছিল ততোধিক উর্বর। কোন তথ্যের বীজ মস্তিষ্কে পৌঁছানো মাত্রই অঙ্কুরোদগম ঘটিয়ে ডালপালা বিস্তার করে বিশাল মহীরুহ তৈরি করে ফেলত। বায়ু উর্বর হওয়ায় মহীরুহের পুষ্পরেণু নিমেষেই ছড়িয়ে যেত অতি উর্বর যাবতীয় পরিপার্শ্বে। তারপর আর পায় কে! তথ্য বহুমাত্রিক তথ্যাতি তথ্যের জ্যামিতিক অঙ্কুরোদগমে ঘটাতো তথ্যবিস্ফোরণ! গুজবোম! আর বিস্ফোরণের ফল? ধ্বংস! হ্যাঁ, এটাই ঘটেছিল এখানে। অতি উর্বরতায় জন্মেছিল আগাছা। এরপর আগাছা খেয়েছে ফসল, মাঠ, ঘর, দরজা, বিছানা, উপসনালয়, বিদ্যালয়, শ্মশান ও সমাধি।
প্রদ্যোত