আমি অভিনেতা হতে আসিনি
আমি অভিনেতা হতে আসিনি
আমার চারপাশে অগনিত কুশীলব
যে যার পারফরমেন্স দেখাতে উদগ্রীব
দুর্দান্ত অভিনয় করে যাচ্ছে সবাই
শুধু আমি যেন কেন পেরে উঠছিনা
বারবার থমকে যাচ্ছি একটা জায়গায়
কী করবো না করবো ভেবেই সময় করছি পার
জীবন নাটকে সুচারু প্রাণবন্ত উপস্থাপন আবশ্যক
যারা পটু অভিনেতা, তাদের ভাগ্য সুপ্রসন্ন
না চাইতেই হাতের কাছে পৌঁছে যায় সব মওকা
বিলাস বৈভব সব উছলে পরে
এই অভিনয় মানব জীবনে সার্বজনীন
তাই সকলে কম্প্রমাইজ করে নেয় সহজেই
আমি পারিনা, শুধু দেখি
পয়মন্ত কুশীলবগণ অতিক্রম করে যায় আমাকে
দেখি মুখস্থ মানুষের কাফেলা
কী নির্দিধায় আমাকে পেছনে ফেলে
হাস্যকর দ্রুততায় এগিয়ে যায়
দিনমান নয়টা-পাঁচটা'র চক্করে
প্রতিদিনের একই ভূমিকায় অভিনয় করতে
একঘেয়েমিপনাও ছোঁয় না তাদের
আমি অমন রোবটিক জীবনযাপন করতে পারবো না
মুক্তিকামী বিপ্লবী চেতনা আমার রন্ধ্রে রন্ধ্রে
আমি অভিনেতা হতে আসিনি
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)