আমার কিছু বারুদ আছে
আমার কিছু বারুদ আছে
[প্রাণপ্রিয় বন্ধু কাজী রুকসানা রুমা‘র উদ্দেশ্যে]
আমার কিছু বারুদ আছে
খুব ঝাঁঝালো ভীষন সতেজ
সেগুলোতেই ঠাসা আমার বন্ধুটা যে
যখন তখন ঝলসে উঠে
মিথ্যাচারের জিওগ্রাফি বদলে দিতে
সব শোষকের পাপের ডেরা
বিভাজনের শিকল বেড়া
শব্দবানের ভীষণ বেগে উড়িয়ে দিতে
অনিয়মের নিয়ম যদি তোমার নীতি
আমার বারুদ জানান দেবে একক ভীতি
নিপীড়ণ আর শোষণ যখন সমাজ জুড়ে
ন্যায্য দাবি হয় না আদায় রাষ্ট্র কলে
করতে আদায় আমার বারুদ আপনি জ্বলে
নিজের খেয়ে বনের মোষকে করতে তাড়া
যায় ক'জনা? হাতেগোনা দু'একজনই
আমার বারুদ সেই মিছিলের মধ্যমণি
জলের মতন সহজ সরল সত্যভাষী
কিন্তু সে জল হ্রদ হলে সে বিজলির তেজ
প্রবলতম জলোচ্ছ্বাসে ভাসায় স্বদেশ
মহামারীর প্রবল তোড়ে সবাই ঘরে
স্বার্থ নিয়ে টানাটানির দারুন খেলা
রাস্তার ওই কুকুরগুলো বাঁচলো কিনা
কেউ ভাবে না, কেউ ভাবে না, সে'ই ভাবে
তার আর আমার ভাবনাগুলো শূন্য এক-এ
বাইনারিতে বিশ্বযোজন অংক কষে
প্রাণের আলোয় প্রাণ জুড়িয়ে আমরা বাঁচি
জন্ম থেকে জন্মান্তর কাছাকাছি
তার আলোতে আমার যেমন প্রদীপ জ্বলে
আমার শব্দ তার মুখে যায় সদলবলে
আমার কিছু বারুদ আছে
আমার একটা ভীষণ মারণাস্ত্র আছে
খুব ঝাঁঝালো ভীষণ সতেজ
মিসাইল গ্রেনেড মেশিনগানের ধার ধারে না
ওসব থেকে অনেক বেশি তেজস্ক্রিয়
এক্সক্লুসিভ এক্সপ্লোসিভ
আমার একটা রুমা নামের বন্ধু আছে
প্রদ্যোত / ১১ জুন ২০২৩