অহং
অহং
তোমাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি
তোমরা কখনো আমাকে অবিশ্বাস না করলে
আমি তোমাদের কাছ থেকে
নিজেকে মুক্ত করতে পারতাম না
কারণ আমার ভালোবাসা ছিল
খুব করে আঁকড়ে রাখার আবেগ তাড়িত
তোমাদের অবিশ্বাসের ছুরি
তোমাদের প্রতি
আমার আকর্ষণের সুতোকে কেটে দিয়েছে
সুতো ছেঁড়া ঘুড়ির মতো আমি উড়েছি
ঝড়ো হাওয়ায় দিক দিগন্তে
সময়ের হাওয়া গায়ে লাগিয়ে
আমি এখনো উড়ি কেবলি উড়ি
উড়েই চলি চৈতন্যের বোধে
জ্ঞানের অন্বেষণে
এক স্বপ্ন থেকে অযুত স্বপ্নের পথে
তোমাদের সকলের অবিশ্বাস
আমাকে নিজের প্রতি ভীষণ রকমের বিশ্বাসী করে তুলেছে
তোমাদের প্রতিটি আঘাত
আমাকে করেছে মজবুত থেকে অভঙ্গুর
তোমাদের প্রতিটি রিপুগত ভাইরাসের সংক্রমণে
ক্রমাগত আমার ভেতরে এন্টিবডির বিস্তার ঘটিয়ে
ইমিউনি সিস্টেমকে করেছে অভেদ্য
পার্থিব কোন আবেগ কিংবা রিপু
আর ছুঁতে পারে না আমায়
বার বার মরতে মরতে বেঁচে যাওয়া আমিটাকে
আর ছুঁয়ে দেখবার বৃথা চেষ্টা করো না কেউ
প্রদ্যোত