← Back to poetry
❧

অযোগ্য

Poetry

অযোগ্য

হরেক রকম যোগ্যতাতে
নাম লেখে সব তাঁরার সাথে
আমিই কেবল অযোগ্যতায়
মুখ লুকিয়ে রই!
বন্ধু, তোদের রঙের মেলায়
যোগ্য আমি নই!

চাল চূলো নেই, নেই প্রতিভা
বড়াই করার আছেই কি বা?
পদেপদেই পদস্খলন
গঞ্জনা সব সই!
বন্ধু, তোদের কাছে থাকার
যোগ্য আমি নই!

তোদের সুশীল জীবন মাঝে
থাকলেই আমি পড়িস লাজে
কেমন করে মহান কাজে
তোদের সমান হই?
বন্ধু, তোদের লোকসমাজের
যোগ্য আমি নই!

সফলতার সোপান বেয়ে
যাচ্ছে সবাই ঊর্দ্ধে ধেয়ে
আমিই কেবল নিম্নগামী
বিফল বোঝা বই!
বন্ধু, তোদের সঙ্গে চলার
যোগ্য আমি নই!

প্রদ্যোত / ০৫ জুন ২০১৭
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)

✦