← Back to poetry
❧

অন্ধকারের নেশা

Poetry

অন্ধকারের নেশা

কত-শত প্রাণ নিমেষে হারায়
কত-শত যাত্রায়
শুধু আমি কেন হই না নিঃশেষ
বারবার ভেবেছি
চেয়েছি তারও বেশি
প্রতি পলে করেছি প্রতীক্ষা
সেই পরম সত্যের
যেন এই দেহজ সত্তা
না পৌঁছায় কোনো চেনা গন্তব্যে

তারপরও নিয়তি মৃদু হেসে
ঠেলে দেয় দেহজ আমাকে
কোনো চেনা খোলা দরজার মুখে
তাদের উচ্ছ্বসিত উল্লাস দেয়না তৃপ্তি আমায়
আমার তৃষ্ণা বাড়ে অনন্ত যাত্রায়

ছিড়ে ফেলে যাবতীয় পার্থিব বন্ধন
মিছে অজুহাতে বের হই
আরো আরো পথের সন্ধানে
বুক ভরে নিতে নিঃশ্বাস অন্ধকার বাতাসে
অন্ধকারের নেশা পেয়েছে আমাকে
নিশাচর প্রাণী হয়ে তাঁরার আকাশে

প্রদ্যোত

✦