← Back to poetry
❧

অনিন্দ্য সিদ্ধার্থ

Poetry

অনিন্দ্য সিদ্ধার্থ

তুমি ছাড়া আর কারো প্রতি
আমার কেন যেন পূর্ণ ভক্তি আসে না
সেই কিশোর বেলা থেকে
যখনই তোমাকে জানতে শুরু করেছি
কী এক মুগ্ধতা ঘিরেছে আমার সমস্ত সত্তাকে
তোমাকে জানতে প্রকৃতির ধাপে ধাপে করেছি বিচরণ
তোমাকে চিনতে লালন বিবেকানন্দ
রবীন্দ্রনাথ নজরুলের আঙিনায় দিয়েছি হানা
তোমাকে বুঝতে মানুষ থেকে মানুষে একাকার হয়েছি
তোমাকে শিখতে দুরন্তপনায় দুর্ঘটনা ঘটিয়ে
হাত পা দাঁত ভেঙেছি কতবার
তোমাকে গাইতে গিয়ে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা হয়েছি
তোমাকে বাজাতে গিয়ে হয়ে গিয়েছি নটরাজ
জানিনা এত ভালো তোমাকে কেন বাসি
তোমার নামে অনিন্দ্য বিশেষণ দিয়ে
সন্তানের নামকরণ করেছি
আমার যা অর্জিত তারই নির্যাসে যে সৃষ্টি সে তো সব তুমি
সংক্ষেপিতভাবে আবার ক্ষুরধার অসি
তোমার মাঝেই খুঁজে পাই সবকিছু
সত্যালোকে উদ্ভাসিত তোমার পদাঙ্কে
পেয়ে যাই যাবতীয় প্রশ্নের উত্তর
তোমার প্রদর্শিত পথ আমাকে ডেকে নেয় ভালোবেসে
জ্ঞান অন্বেষণে ছুটেচলি অবিরাম
জাগতিক মায়া মোহ সব পড়ে থাকে দূরে
সব বাঁধন ছিন্ন করে সত্তার চিরমুক্তির আকাঙ্খায়
লীন হয়ে যাই সুগভীর আত্মধ্যানে

তোমার পথেই যেন দুর্নিবার জ্ঞান অন্বেষায়
আমার ব্রত চিরায়ত সত্য পথে চলে

প্রদ্যোত

✦