← Back to poetry
❧

ভাঙো

Poetry

ভাঙো

ভাঙো, যতো নির্মান বিশ্ববিধান ভাঙো
ভাঙো অবয়ব, যতো যা দৃশ্যে
অবিমৃষ্যে তা ভাঙো
ভাঙো আদালত, নিয়মনীতি
যা জেনেটিক ক্রোধে জ্বালা
সৃষ্টিবিনাশী আঁধারবলয়ে
তাইতো ভাঙার পালা
ভাঙো আশ্রম ভাঙো দেবালয়
শিল্পের ডালপালা
ভাঙো শৈশব ভাঙো কৈশোর
প্রকৃতির পাঠশালা
ভাঙার নেশায় মেতেছো যখন
ভেঙে সব করো শেষ
স্মৃতিময় ভূমি ভেঙে গুড়ো করো
নিয়ে যতো বিদ্বেষ

আমরা গড়েছি প্রকৃতির মাঝে
শান্তির লোকালয়
তোমার পূর্বপূরুষরা এসে
ভেঙে তা করেছে ক্ষয়
আদিতম ধ্যান জ্ঞানের আলয়
ছিলো পূণ্য এ ভূ-ভাগে
তোমার পিতারা লোভ-ক্রোধ-রোষে
ভেঙেছে তা শতভাগে
ভাঙা ঘরবাড়ি দরজা জানালা
বারবার দিই জোরা
আর কতো ভাঙাগড়ার পরে
ক্ষান্ত হবি রে তোরা

ভাঙো তোমরা ভাঙো যতকিছু
তোমাদের লোভ-রোষে
তোমরা ভাঙবে অচিরেই জেনো
প্রকৃতির আক্রোশে

প্রদ্যোত

✦