← Back to poetry
❧

বেশতো ছিলাম

Poetry

বেশতো ছিলাম

বেশতো ছিলাম সরলরেখা কিংবা
জলের সাথে তুলনা করবার মতো জীবনে
কোথা থেকে কালবোশেখী হয়ে এসে
আমার সব ওলটপালট করে দিলে
অকস্মাৎ বদলে গেল আমার জগত
কোনো অতিন্দ্রীয় মায়াস্পর্শে
মস্তিষ্কের নিউরোন কণাগুলো
ক্রমশ অস্বাভাবিক হতে থাকলো
অচেনা হয়ে গেলাম নিজের কাছেই
ভিন্ন কোনো সত্তা যেন আবির্ভূত হলো আমাতে
জানিনা কেন এমন হলো!

বেশতো ছিলাম সরলরেখা কিংবা
জলের সাথে তুলনা করবার মতো জীবনে
সহজ আজ আমার কাছে সহজ নয়
স্বাভাবিকতারা সব অস্বাভাবিক
আমি যেন অন্য কেউ
অজানা কোনো গন্তব্যে প্রবাহমান
হাজারো প্রশ্নেরা এসে ভীড় করে মনের জানালায়
শেকড়বাকর সহ উঠে আসে অজস্র প্রশ্নবোধক চিহ্ন
এর সমাধান শুধু তোমারই জানা প্রিয় সর্বনাশী
বলবে কি, কেন এমন হলো?
কেন এমন হয়?

প্রদ্যোত

✦