বেতালের তুই
বেতালের তুই
তুই এতোটা বোকা কেন বলতে পারিস
হঠাৎ হঠাৎ কথায় কথায় মান অভিমান
পান থেকে চুন খসলে পরে গাল ফুলে ঢোল
গোস্বা করে পিছন ফিরে বসে থাকা
কোনখানে যাই কোথায় থাকি
ঘরে নাকি বাইরে কোনো টঙ দোকানে
কার দিকে চাই কেমনে হাসি কাকে দেখে
এসব নিয়ে খোঁজখবরের বাড়াবাড়ি
খাচ্ছি কিনা তিনটি বেলা সময় মতন
বসছি কিনা লিখতে তোকে মনের কথা
ভাবছি নাকি অন্য কারো মুখচ্ছবি
রাত জেগে কী করছি আমি অহরহ
পর্নো মুভি দেখছি কিনা অগোচরে
অকারণে ঘরের বাহির হচ্ছি কেন
দিচ্ছি নাকি গলির মোড়ে দু'একটা টান
কিংবা গলায় দিচ্ছি ঢেলে দু'একটা পেগ
ফেইসবুকে কী পোস্ট করি তার মর্ম খুঁজে
মনগড়া সব গল্প গড়ে কষ্টে থাকা
মেসেঞ্জারের মেসেজগুলো সিন না হলে
ভাবছিস আমি কার সাগরে সাঁতার কাটি
কল ওয়েটিং তাও কি আর হবার কথা
নেটওয়ার্ক নেই এতো সোজা ছলচাতুরি
ফ্রেন্ডলিস্ট কি শ'পাঁচেকই খুব ভালো না
ওদের তাদের কেন এত রিঅ্যাক্ট দেয়া
কোথায় যাবো কোন বাহনে সঙ্গীটা কে
সবকিছু তোর জানতে হবে টাইম টেবিলে
কি এক জ্বালা হচ্ছি নাকাল বারে বারে
তোর সবই গুড আমার কিছুই ভালোনা রে
সন্দেহরা ভালোবাসায় ধরায় ফাটল
বুঝিস না ক্যান রাগ হলো এক ভীষণ রাহু
অভিমানে দূরত্বটা শুধুই বাড়ে
এসব কিছু বলছি বলে আবার গরম
ধুর শালা প্রেম করবোই না হারিয়ে যাবো
প্রদ্যোত