← Back to poetry
❧
পুনশ্চঃ
পুনশ্চঃ
কখনো ভূলুণ্ঠিত, কখনো রক্তাক্ত,
কখনো দগ্ধীভূত-
বিশ্বাসের পবিত্রগৃহ, ধর্মগ্রন্থ, ত্রাতার ভাস্কর্য
আরাধনার দেবতা, নয়তো বিনম্র বুদ্ধ
ধর্মের নামে প্রতিহিংসার যে বিষবাষ্প
গ্রাস করেছে সমগ্র বিশ্বকে
তাতে আজ ঈশ্বরও অসহায়
ধর্মের লেবাসধারীদের অনাহুত আস্ফালনে
মানুষ হত্যার যে বীভৎস নারকীয়তা সর্বত্র
তাতে অচিরেই মানুষশূন্য হবে পৃথিবী
অবশিষ্ট থাকবে কেবল
ধর্মীয় পূণ্যভূমির ভগ্নস্তূপ
শোকার্ত মৌনমিছিলে নয়
নয় পুষ্পস্তবকে সকরুণ দৃষ্টি বিনিময়ে
কিংবা প্রদীপশিখায় নিরব অশ্রুপাতে
যেদিন বিদ্বেষ ছড়ানো
প্রতিটি উগ্রবাদীর কণ্ঠ স্তব্ধ করে দেয়া যাবে
সম্মিলিত প্রতিরোধে
কেবল সেদিনই শান্তি আসবে
কাঙ্ক্ষিত সভ্য লোকালয়ে
প্রদ্যোত
✦