← Back to poetry
❧

তুমিও ওদের দলে ছিলে

Poetry

তুমিও ওদের দলে ছিলে

কী হবে কবিতা পড়ে?
কিংবা সুশীল বাক্যালাপে
নাগরিক মুগ্ধতা নিয়ে যান্ত্রিক বাঙ্কারে করে বাস!
হিংস্রতম দানবীয় লোলুপতাকে
চক্ষু বুজে এড়িয়ে গিয়ে
কী লাভ সভ্যতা অনন্তলোকে ছড়ানোর মিশনে?
কী লাভ যাবতীয় বস্তুগত অবকাঠামোর উন্নয়নে
যদি শেকড়েই রয়ে যায় ঘুন!

উৎকর্ষ আর বাহুবল প্রদর্শনে মরিয়া রাষ্ট্র নেতারা।
কার কত গোলাবারুদ, কিলার গেরিলা
কত আধুনিক প্রযুক্তিতে
কত কুৎসিত ভাবে ধ্বংস করা যায়
লোকালয়, জলাধার, অভয়ারণ্য
মানবতা, প্রেম, ভালোবাসা, শস্যক্ষেত্র
শিশুর হাসি, পুষ্পিত জাগতিক সব
তার প্রতিযোগিতায় ব্যস্ত সবাই!

কোথায় সভ্যতা? কিসের সভ্যতা?
দিন যত যায়, অসভ্য থেকে অসভ্যতম হই আমরা।
হিংসা, ক্রোধ, জিঘাংসার আবাদে
ক্রমাগত ধ্বংস হয় মানবিকতার চাষযোগ্য মনন।
মুখ বুঝে সহ্য করা আর দেখেও না দেখা
বালুতে মুখ লুকানো উটপাখি মনোবৃত্তির
সুশীলতাই পশুদের সাহস বাড়ায়।
পশু হয় হিংস্রতম দানব!

কী হবে কবিতা পড়ে?
কিংবা সুশীল বাক্যালাপে
নাগরিক মুগ্ধতা নিয়ে যান্ত্রিক বাঙ্কারে করে বাস?
কিচ্ছু হবে না!
তবে যা হবে তা এখনকার থেকেও ভয়ানক।
দেয়ালে পিঠ ঠেকার অপেক্ষায়
যদি বসে থাকো মানুষ-
তবে জেনো, তুমিও দানবের দলে ছিলে!

প্রদ্যোত

✦