← Back to poetry
❧

গল্পখেকোদের গান

Poetry

গল্পখেকোদের গান

ওরা গল্প শুনে গল্প শুনায়
গল্পে গল্পে গল্প বুনায়
শুনাশুনির নয়ছয় করে মাথায় ঢালে ঘোল
গল্পখেকো মানুষগুলোর মাথায় গন্ডগোল

জগত জুড়ে জমছে কত গল্পদাদুর মেলা
নানান রঙের লেবাসধারীর কত্তো লীলা খেলা
কেউ পরেছে গেরুয়া আর পাগড়ি পরে কেউ
কেউবা আবার আলখাল্লায় মাজায় তোলে ঢেউ
কেউবা আবার কাপড় খুলে ধুলোয় লুটোপুটি
গল্প বেঁচেই হচ্ছে বোয়াল কুয়োর চুনোপুটি
গল্পের গরু উড়ছে দেখো ওই যে আকাশে
এবার গোবরে ঝড় হবে যেন পূবের বাতাসে
মেঘের-ঘাস গিলে গরুর পেটটা হল ঢোল
গল্পখেকো মানুষগুলোর মাথায় গন্ডগোল

গল্প শুনে রামছাগলে চড়ছে যে বাঁশ গাছে
ভাবছেই না একটু পরেই ঢুকবেরে বাঁশ পাছে
গল্প তো নয় গল্প শুধু অল্প বিষের ডোজ
গল্প বেঁচেই ব্যবসা দেদার রাখছে কে তার খোঁজ
গল্প দাদুর বাড়ছে টাকা বাড়ছে শুধু ভূড়ি
গল্পের ফাঁদে আটকে গেছে মাকাল ছুড়ি বুড়ি
বস্তাপঁচা হাবিজাবি গল্প খেলো লোকে
কী খেলো তা বুঝলোই না দেখলোও না চোখে
বদ হজমে পিছন থেকে পরলো শুধু ঝোল
গল্পখেকো মানুষগুলোর মাথায় গন্ডগোল

প্রদ্যোত

✦