ক বি তা রা
ক বি তা রা
কবিতা কি খালি বিদ্বেন মাইনষির জন্যি!
নাকি বিদ্যে দ্যাহানির জন্যি কবিতা!
সহজসরল ভাষায় লিখতি পারো না, কবিরা?
যাতে আমাগে মতো সামান্যি অক্ষরজ্ঞানওয়ালা সাধারণ মানুষও বুজতি পারে
কীসব খটকা শব্দ তোমাগে কবিতায়
সহজ কথাডারে ঘুড়ায়ে প্যাচায়ে
বিটকিলে শব্দ দিয়ে যা কও
বুজতি গেলি দশজনাক জিজ্ঞেস করতি হয়
তাও আবার একেকজন একেকতা বুজায়ে দ্যায়!
ডিসকোনারী না কী জানি কও তোমরা
তা কি আর আমাগে কাছে থাহে
আর থাকলিও কি তা খুঁইজে দেইখবার
বিদ্যে আমাগে ঘটে আছে!
শুনিছিলাম মাইনষির জীবনের আয়না হতিছে সাহিত্য
কই? তোমাগে আয়নাতি আমাগে দেকতি পাই না তো!
আবেগের উচ্ছাসে উপচে পরা অনুভূতিই নাকি কবিতা
সে আবেগ আইসপে জীবনের সগোল দিকেরতে
তা তোমাগে আবেগতো দেখতিছি খালি
মাইয়ে মাইনষের উদাম গতরের ভাজেরতে বারোচ্ছে
কবিতা ভরা খালি শরীল
আর শরীল ভরা তোমাগে খাইসটে খাইসটে শব্দ
শরীলের সাথে প্রেমই কি জীবনের সব!
আর কিছু চোহে পড়েনা?
শোয়ার ঘরেরতে বার হও বাবুরা
চোখটা খুইলে আমাগে ধূলোমাহা পথে হাডোনা খানিক
বিবেকের দরজা দিয়ে ঢুকতি দ্যাও সগোলেরে
দ্যাহো তারা কে কী চায়, কেমনে বাঁচে, কী স্বপন দ্যাহে
সগলের কথা কতি পরলি দ্যাখবা
কেমনে পয়মন্ত হইয়ে ওঠে তোমাগে সাহিত্যের জমিন
ফুলে ফসলে ভইরে থাহে বারোমাস
কবিতার উৎসব হয় সগোলের প্রাণের পার্বণ!
প্রদ্যোত / ৩০ নভেম্বর ২০১৭
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)