← Back to poetry
❧

আলোর শিশু

Poetry

আলোর শিশু

একটি কলি ফুটেছিলো
সবুজ-শ্যামল দেশে,
আলোর শিশু এসেছিলো
আলোর হাসি হেসে।

সেই আলোটা ক্রমেক্রমে
আলোর তুফান হয়ে,
ছড়িয়ে গেল সকলখানে
পড়লো আঁধার ক্ষয়ে।

সবার প্রিয় আলোর কবি
বজ্রপাতের মতো,
বজ্রকন্ঠে ঝংকার তুলে
সরায় আঁধার যতো।

আলোয় আলোয় সৃষ্টি হলো
আলোর সমুদ্দুর,
আলোর নাওয়ে সওয়ার হলো
আলোর মুজিবুর।

তার জ্যোতিতে সজাগ হলো
মুক্তিকামী প্রাণ,
দৃপ্তকণ্ঠে গাইলো সবাই
স্বাধীনতার গান।

আমরা যারা আজকে শিশু
স্বাধীন বাংলাদেশে,
ঘুমায় বুকে জাতির পিতা
স্নিগ্ধ হাসি হেসে।

আমরা যখন তরুণ হবো
ঘুম ভাঙাবো তার,
মিটাবো সব স্বপ্ন-আশা
সোনার এ বাংলার।

প্রদ্যোত
কাব্যগ্রন্থ: দ্রোহের জলে দহন/ কবিতায় বঙ্গবন্ধু/ শিশু-কিশোরদের আবৃত্তির কবিতা/ পরশমনি

✦