অপঠিত
অপঠিত
শেখোনি শব্দবিন্যাস বাক্য প্রকরণ
উচ্চারণ কিংবা ধ্বনিতত্ত্ব
নেই উপমা বা রূপকের ব্যবহার জ্ঞান
জানোনা কোথায় কোন যতি চিহ্নের প্রয়োজন
বা কোথায় কোন যতি চিহ্নের জন্য
কতটুকু কীভাবে থামতে হয়
কিংবা কোনো যতিচিহ্ন না থাকলেও
পাঠের শ্রাব্যতার জন্য কীভাবে বিরাম রাখতে হয়
ন ও ণ এর উচ্চারণে জিহ্বা একই স্থান থাকে আড়ষ্ট
র ড় আর ঢ় সব ওলট-পালট হয়ে যায় সচরাচর
চ বর্গের পুরোটা জুড়েই তো সমস্যা
মহাপ্রাণ ধ্বনিগুলোকে
তাদের পূর্ববর্তী অল্পপ্রাণ ধ্বনির মতো করে বলো
নাসিক্য ধ্বনিগুলোকে এতটাই বাহুল্যে উচ্চারণ করো যেন কল্পকথার ভূতের স্বর মনে হয়
শব্দের যে রূপ রস গন্ধ স্বাদ থাকতে পারে
তা জানা হয়নি তোমার
যুক্তবর্ণের উচ্চারণে প্রায়শই আটকে যাও
আর মনোহরণ পাঠে যে বোধ ও অভিব্যক্তির
শৈল্পিক সংমিশ্রণ প্রয়োজন হয়
সে ব্যাপারে নিতান্তই অজ্ঞ তুমি
নিজেকে যতোই সুপাঠ্য মুক্ত গ্রন্থ বানিয়ে রাখি না কেন
সুললিত কাব্যিক উপস্থাপনায়
আমাকে কীভাবে পড়বে তুমি!
প্রদ্যোত