← Back to writing

শিল্পী হওয়ার সহজ পাঠ

শিল্পী হওয়ার সহজ পাঠ

শিল্পী হওয়া কঠিন, তবে শিল্পীর পরিচয় নেওয়া খুব সহজ। গলায় একটা মাফলার, হাতে একটা মাইক্রোফোন, ফেসবুকে দুটো ছবি, সঙ্গে কয়েকজন ক্ষমতাবান মানুষের সঙ্গে দাঁড়ানো সেলফি, আর নামের আগে ‘শিল্পী’ বসিয়ে দিলেই কাজ প্রায় শেষ। বাকি থাকে শুধু কোন সরকারের সময় কোন গান গাইতে হবে, কোন মঞ্চে কোন স্লোগান দিতে হবে এবং কার সামনে কতটুকু মাথা নোয়াতে হবে, সেই প্রাচীন সাংস্কৃতিক ব্যাকরণটি রপ্ত করা।

এই প্রজাতির শিল্পীদের বিশেষ প্রতিভা হলো রাজনৈতিক আবহাওয়া বুঝতে পারা। আবহাওয়া দপ্তর বৃষ্টি আসার খবর দেওয়ার আগেই তারা ক্ষমতার মেঘ চিনে ফেলেন। সরকার বদলালে তাদের মতাদর্শও বদলায়, পৃষ্ঠপোষক বদলালে বক্তব্যের ব্যাকরণ বদলায়, আর সুবিধা বদলালে ইতিহাসের ব্যাখ্যাও বদলে যায়। গতকাল যে স্লোগান ছিল সংস্কৃতির মুক্তির মন্ত্র, আজ সেটিই হয়ে যায় সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি। কারণ শিল্পীর নীতি নাকি স্থির থাকা উচিত নয়; পরিস্থিতির সঙ্গে ‘সৃজনশীলভাবে’ পরিবর্তিত হওয়াই আধুনিক শিল্পচর্চা!

কেউ সংস্কৃতিকে বানিয়েছেন ক্ষমতার সিঁড়ি, কেউ সংগঠনকে বানিয়েছেন ব্যক্তিগত সাম্রাজ্য, কেউ শিল্পকে বানিয়েছেন পৃষ্ঠপোষক সংগ্রহের যন্ত্র। সভা আছে, কমিটি আছে, ব্যানার আছে, পদ আছে, পদবী আছে, উদ্বোধন আছে, ফুল আছে, মালা আছে, ছবি আছে; শুধু শিল্পটা কোথায় যেন অনুষ্ঠানের ভিড়ে হারিয়ে গেছে। এখন শিল্পী সৃষ্টির চেয়ে অনুষ্ঠানে বেশি ব্যস্ত, সংগঠক সংস্কৃতির চেয়ে সংগঠনের চেয়ারে বেশি ব্যস্ত, আর সবাই মিলে সংস্কৃতির উন্নয়নের এমন মহাসম্মেলন করেন যে সংস্কৃতি নিজেই সেখানে ঢোকার সুযোগ পায় না।

আর অর্থ? আহা, অর্থের প্রতি শিল্পীর ভালোবাসা চিরন্তন। সম্মানী নেওয়া দোষ নয়, কিন্তু যখন সম্মানীর পরিমাণ বিবেকের আকার নির্ধারণ করতে শুরু করে, তখন শিল্প আর শিল্প থাকে না। তখন শিল্পীকে যত টাকা দাও, ততটুকু নৈতিকতা ফেরত পাবে। অর্থ কম হলে প্রতিবাদ, অর্থ বেশি হলে প্রেক্ষাপট; পৃষ্ঠপোষক অনুকূল হলে নীতি, প্রতিকূল হলে নিরপেক্ষতা। এ এক অসাধারণ বৈজ্ঞানিক শিল্পনীতি- যেখানে বিবেকের বাজারদর প্রতিদিন পরিবর্তিত হয়!

সস্তা জনপ্রিয়তারও নিজস্ব বাজার আছে। সেখানে গভীরতার চাহিদা কম, শব্দের আওয়াজের চাহিদা বেশি। চিন্তার চেয়ে চমক, সৃষ্টির চেয়ে প্রচার, প্রতিভার চেয়ে পরিচিতি, আর শিল্পের চেয়ে অনুসারীর সংখ্যা গুরুত্বপূর্ণ। ফলে শিল্পী নিজের মাথা যত নিচু করেন, তার অনুসারীর সংখ্যা তত বাড়ে। মাথা নত করার এই কৌশলটিই এখন অনেকের কাছে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’।

ধর্ম ব্যবসায়ী ধর্ম বিক্রি করেন, শিক্ষা ব্যবসায়ী শিক্ষা বিক্রি করেন, আর সংস্কৃতি ব্যবসায়ী সংস্কৃতির আবেগ বিক্রি করেন। পণ্যের নাম আলাদা, ব্যবসার কৌশল প্রায় একই। মানুষকে আবেগী করো, নিজের চারপাশে ভক্তমণ্ডলী বানাও, তারপর সেই আবেগকে পুঁজি করে নিজের দোকান চালাও। দোকানের সাইনবোর্ডে লেখা থাকে ‘সংস্কৃতি’, ভেতরে চলছে হিসাবনিকাশ। কাউন্টারে শিল্প, পেছনের ঘরে স্বার্থ।

শিল্পীর ব্যক্তিস্বাতন্ত্র্য দরকার, আত্মমর্যাদা দরকার, নিজের মত দরকার। কিন্তু নিজের অহংকারকে শিল্পসত্তা বলে চালিয়ে দেওয়া যায় না। নিজের জনপ্রিয়তাকে সাফল্য আর নিজের চারপাশের লোকজনকে দর্শক ভেবে বসলে শিল্পী ধীরে ধীরে স্রষ্টা থেকে নিজেরই প্রচারক হয়ে যান। তখন তিনি গান কম করেন, নিজের বিজ্ঞাপন বেশি করেন; কবিতা কম লেখেন, নিজের পোস্ট বেশি লেখেন; শিল্প কম করেন, শিল্পী হওয়ার প্রমাণ বেশি দেন।

সবচেয়ে মজার ব্যাপার হলো, এদের কাউকে ধিক্কার দিতে গেলেও কখনো কখনো লজ্জা হয়। কারণ ধিক্কারও তো একটা সম্মান! শিল্পের নামে যারা বিবেককে ভাড়ায় দেন, তাদের সম্মান করার মতো সময় ইতিহাসেরও নেই। ইতিহাস শেষ পর্যন্ত খুব নির্মম সম্পাদক। সে পুরস্কারের তালিকা কাটে, পদবী কাটে, ক্ষমতার ছবি কাটে, চাটুকারিতার ফুটনোটও কাটে; রেখে দেয় শুধু সৃষ্টি। আর সেখানে যদি সৃষ্টি না থাকে, তাহলে শিল্পীর বিশাল জীবনবৃত্তান্তও একদিন হয়ে যায় এক পৃষ্ঠার সাংস্কৃতিক রসিকতা।

তাই শিল্পীর মাথা নত হোক সৌন্দর্যের কাছে, সত্যের কাছে, মানুষের কাছে; কিন্তু লোভের কাছে নয়। শিল্পের কণ্ঠ থাকুক স্বাধীন, সংগঠন থাকুক জবাবদিহির মধ্যে, সংস্কৃতি থাকুক ক্ষমতার বাইরে। কারণ যে শিল্পী ক্ষমতা বদলালে নিজের মুখ বদলান, তিনি বহুমুখী নন; তিনি মুখোশধারী। যে শিল্পী সুবিধা বদলালে নিজের নীতি বদলান, তিনি উদার নন; তিনি সুবিধাবাদী। আর যে শিল্পী শিল্পকে বিক্রি করে নিজের নামটুকু বাঁচিয়ে রাখেন, তিনি শিল্পী নন; তিনি শিল্পের দোকানের সবচেয়ে পুরোনো কর্মচারী।

শেষ পর্যন্ত হিসাবটা খুব সহজ- শিল্পীর হাতে শিল্প থাকলে সে স্রষ্টা। শিল্পীর হাতে শুধু স্বার্থ থাকলে সে ব্যবসায়ী। আর শিল্পের নামে ব্যবসা করলে দোকানের নাম যতই ‘সংস্কৃতি’ হোক, ভেতরে বসে থাকে কেবল লোভ।

ব্যানার বদলায়, সরকার বদলায়, স্লোগান বদলায়, মঞ্চ বদলায়; কিন্তু মুখোশ যদি একই থাকে, তাহলে বুঝতে হবে শিল্প বদলায়নি- শুধু পৃষ্ঠপোষক বদলেছে।

প্রদ‍্যোত / ২৬ সেপ্টেম্বর ২০২৬