← Back to writing

জগন্নাথ বিশ্বখাদ্যালয় অ্যান্ড গোকুইজিন

জগন্নাথ বিশ্বখাদ্যালয় অ্যান্ড গোকুইজিন

গরু খাও, ডিগ্রি পাও, বিশ্বখাদ্যালয়ে নাম লেখাও!
বিশ্ববিদ্যালয় কী? যেখানে জ্ঞানের চাষ হয়, চিন্তার জন্ম হয়, যুক্তির সঙ্গে যুক্তির সংঘর্ষে সভ্যতার নতুন জানালা খুলে যায়। আর বিশ্বখাদ্যালয় কী? যেখানে জ্ঞানের চেয়ে খাদ্যের গবেষণা বেশি, দর্শনের চেয়ে ডিশের কদর বেশি, আর থিসিসের চেয়ে তেহারির চাহিদা তুঙ্গে! সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু খাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে খাওয়াখাওয়ির কাণ্ড ঘটেছে, তার অনুপ্রেরণায় আমাদের সামনে এক নতুন উচ্চশিক্ষার দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্ববিদ্যালয় যখন খাদ্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়, তখন তাকে আর বিশ্ববিদ্যালয় বলে ছোট করা কেন? সরাসরি নাম দেওয়া হোক, জগন্নাথ বিশ্বখাদ্যালয় এন্ড গোকুইজিন! এখানে প্রবেশিকা পরীক্ষায় সাধারণ জ্ঞান নয়, সাধারণ জ্ঞানের সঙ্গে সাধারণ জ্ঞানপাপীদের খাদ্যজ্ঞানও যাচাই করা হবে।

এই প্রতিষ্ঠানের মূলমন্ত্র হবে, পড়াশোনা পরে, পেটপূজা আগে! উপাচার্যের দপ্তরের সামনে লেখা থাকবে, ‘জ্ঞান যেখানে সীমিত, মেনু সেখানে অসীম।’ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে থাকবে একটি বিশাল গেট, যার একদিকে বইয়ের ছবি, অন্যদিকে বিরিয়ানির ডেকচি। মাঝখানে গরুর প্রতিকৃতি, মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ, চোখে সানগ্লাস। নিচে লেখা, ‘আমাকে জানো, আমাকে বোঝো, তারপর আমাকে মেনুতে লেখো!’ শিক্ষার্থীরা লাইন ধরে প্রবেশ করবে, কেউ হাতে ভর্তি ফরম, কেউ হাতে প্লেট। কারও লক্ষ্য স্নাতক ডিগ্রি, কারও লক্ষ্য স্নাতক শেষ হওয়ার আগেই গরুর মাংসের ওপর আজীবন গবেষণার অধিকার অর্জন।

এখানে প্রচলিত কলা, বিজ্ঞান, বাণিজ্য কিংবা সামাজিক বিজ্ঞানের পাশাপাশি চালু হবে একগুচ্ছ অভিনব ফ্যাকাল্টি। গরুবিজ্ঞান অনুষদ, গোমাংস প্রকৌশল অনুষদ, বিরিয়ানি ও তেহারি প্রযুক্তি অনুষদ, কোরমা ও কালাভুনা ব্যবস্থাপনা অনুষদ, হাড়তত্ত্ব ও নেহারি গবেষণা কেন্দ্র এবং গরু অর্থনীতি ও খাদ্যকূটনীতি বিভাগ।

বাংলা বিভাগের শিক্ষার্থীরা গবেষণা করবে, ‘গরু’ শব্দের সঙ্গে ‘গো’ যোগ করলে ভাষার কী উন্নতি হয়; ইংরেজি বিভাগের গবেষণার বিষয় হবে From Cow to Chow: A Culinary Civilization। দর্শন বিভাগের প্রশ্ন, ‘গরু কি খাদ্য, নাকি খাদ্যতাত্ত্বিক অস্তিত্বের এক অনিবার্য অনুষঙ্গ?’ আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের থিসিস, ‘একটি গরুর প্লেট কীভাবে একটি ক্যাম্পাসের রাজনীতিকে দুই ভাগে বিভক্ত করতে পারে।’

গরুবিজ্ঞান অনুষদের প্রথম সেমিস্টারেই চালু হবে ‘গরু খাওয়ার পদ্ধতিতত্ত্ব’। শিক্ষার্থীদের সামনে প্রশ্ন রাখা হবে, গরুকে কতভাবে খাওয়া যায়? মুখ দিয়ে তো খাওয়া হয়ই, কিন্তু এই যে গবেষণার জগৎ, এখানে প্রচলিত জ্ঞানকে প্রশ্ন না করলে গবেষকের সম্মান থাকে কোথায়? অতএব প্রশ্ন উঠবে, কামড় দিয়ে খাওয়া যায়, নাকি চুমুক দিয়ে? নাক দিয়ে খাওয়া সম্ভব, নাকি নাক কেবল ঘ্রাণ নেওয়ার গবেষণাগার? লেজ দিয়ে খাওয়া যায় কি না, তা নিয়ে পৃথক উপকমিটি গঠিত হবে। কান দিয়ে খাদ্য গ্রহণের তত্ত্বটি প্রথমে হাস্যকর বলে উড়িয়ে দেওয়া হলেও পরে একটি গবেষণা অনুদান পাবে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধারণাই একেবারে বাতিল নয়; যতক্ষণ না তার জন্য একটি কমিটি, একটি সভা এবং একটি সম্মানীভিত্তিক গবেষণা প্রকল্প তৈরি হচ্ছে!

এখানে গবেষণার কোনো শেষ নেই। গরুর মাথা নিয়ে মাথাব্যথা বিভাগ, লেজ নিয়ে লেজুড়বৃত্তি গবেষণা কেন্দ্র, আর হাড় নিয়ে উচ্চতর অস্থিবিদ্যা বিভাগ থাকবে। গরুর মাংসের নরমত্ব নিয়ে পিএইচডি, ঝোলের ঘনত্ব নিয়ে এমফিল, আর মসলার অনুপাত নিয়ে পোস্টডক্টরাল ফেলোশিপ। কেউ গবেষণা করবে, গরুর মাংসে আলুর উপস্থিতি জাতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে; কেউ দেখবে, একই গরুর মাংস বিরিয়ানি, কোরমা ও কালাভুনা হয়ে গেলে তার সামাজিক পরিচয় বদলে যায় কি না। এমনকি ‘গরু ও গণতন্ত্র’ নামে একটি আন্তবিভাগীয় কোর্স চালু হবে, যেখানে শেখানো হবে, প্লেটে সবার অধিকার সমান হলেও ডেকচির সামনে দাঁড়ালে কেন কেউ কেউ নিজেকে সংখ্যাগরিষ্ঠ মনে করে!

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও নতুন রূপ পাবে। সেখানে রবীন্দ্রনাথ, নজরুল, মার্ক্স, ফুকো কিংবা আইনস্টাইনের বইয়ের পাশে থাকবে ‘গরুর ১০৮ রকম রেসিপি’, ‘হাড় থেকে হালিম’, ‘বিরিয়ানির বিবর্তন’ এবং ‘প্লেটতত্ত্বের প্রাথমিক পাঠ’। গবেষকরা বই খুলে পড়বেন, কিন্তু চোখ থাকবে পাশের ক্যানটিনে। কারণ, ক্ষুধার্ত পেটে দর্শন হয় কি না, সেটি নিয়েও এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। গ্রন্থাগারের নীরবতা ভাঙলে গ্রন্থাগারিক বলবেন, ‘শব্দ কমান, গবেষণা চলছে।’ পাশ থেকে এক গবেষক জিজ্ঞেস করবেন, ‘স্যার, দুপুরের মেনুতে কী আছে?’ গ্রন্থাগারিক উত্তর দেবেন, ‘এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে খাদ্যতথ্য ও গ্রন্থাগারবিজ্ঞান বিভাগের যৌথ গবেষণাপত্র পড়তে হবে।’

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাও হবে অভিনব। আগে সিজিপিএ নিয়ে দুশ্চিন্তা ছিল, এখন থাকবে জিপিএ অর্থাৎ গরু পারফরম্যান্স অ্যাসেসমেন্ট। কে কতটি রেসিপির নাম বলতে পারে, কে মাংসের পদ দেখে তার আঞ্চলিক পরিচয় শনাক্ত করতে পারে, কে বিরিয়ানি ও তেহারির দার্শনিক পার্থক্য ব্যাখ্যা করতে পারে, তার ওপর নির্ভর করবে বৃত্তি। ভাইভা বোর্ডে অধ্যাপক প্রশ্ন করবেন, ‘গরুর মাংসের কোরমা আর কালাভুনার মধ্যে মৌলিক পার্থক্য কী?’ পরীক্ষার্থী উত্তর দেবে, ‘স্যার, পার্থক্যটি শুধু মসলায় নয়, মানুষের আবেগেও।’ অধ্যাপক মুগ্ধ হয়ে বলবেন, ‘অভিনন্দন! তোমার মধ্যে একজন ভবিষ্যৎ খাদ্যতাত্ত্বিক লুকিয়ে আছে।’ এরপর তাকে দেওয়া হবে একটি প্লেট, একটি চামচ এবং গবেষণার জন্য তিন হাজার টাকার সম্মানী।

তবে এতসব আয়োজনের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হবে ‘খাদ্যসংঘাত ও ক্যাম্পাস ব্যবস্থাপনা বিভাগ’। এখানে শেখানো হবে, কীভাবে একটি খাবারকে কেন্দ্র করে বন্ধুত্ব ভেঙে যায়, দল তৈরি হয়, স্লোগান ওঠে, সভা বসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি বিশেষজ্ঞের জন্ম হয়। গতকাল যে ছাত্রটি ক্লাসের নোট খুঁজে পায়নি, আজ সে গরু খাওয়ার সাংস্কৃতিক ইতিহাস নিয়ে তিন ঘণ্টার লাইভ করছে। যে অধ্যাপক সারা বছর শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তিনিও আজ উপস্থিতির নতুন সংজ্ঞা আবিষ্কার করেছেন: ‘যে শিক্ষার্থী খাবারের লাইনে উপস্থিত, সে অন্তত খাদ্যশিক্ষায় নিয়মিত।’ আর যে শিক্ষার্থী লাইনে দাঁড়ায়নি, তাকে নিয়ে গঠিত হবে অনুসন্ধান কমিটি। সে কি নিরামিষভোজী, নাকি শুধু সময়মতো খবর পায়নি?

অবশ্য বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব উঠলেই একটি প্রশ্ন সামনে আসবে: শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা কি তার খাবারের তালিকায়, নাকি জ্ঞানচর্চার গভীরতায়? কোনো শিক্ষার্থী কী খাবে, কী খাবে না, সেটি তার ব্যক্তিগত পছন্দ, সংস্কৃতি ও বিশ্বাসের বিষয়। কিন্তু সেই পছন্দকে কেন্দ্র করে যদি শিক্ষার পরিবেশ উত্তপ্ত হয়, তবে সমস্যা খাবারে যতটা, তার চেয়ে বেশি সমস্যা আমাদের সহনশীলতা, যুক্তিবোধ ও পারস্পরিক সম্মানবোধে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান খাবারের স্বাধীনতা রক্ষা করবে, কিন্তু খাবারকে জ্ঞানের বিকল্প বানাবে না; মতের ভিন্নতা মেনে নেবে, কিন্তু ভিন্নমতকে শত্রুতা বানাবে না। বিশ্ববিদ্যালয়ের কাজ প্লেটের ওপর পাহারা বসানো নয়, মানুষের মস্তিষ্কের ওপর জমে থাকা অজ্ঞতার ঢাকনা সরানো।

অতএব, জগন্নাথ বিশ্বখাদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের প্রতি বিনীত প্রস্তাব, দ্রুত একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকুন। সম্মেলনের বিষয় হোক, ‘গরু, গৌরব ও গোগ্রাস: একবিংশ শতাব্দীর খাদ্যসভ্যতা’। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটবেন গরুবিজ্ঞান অনুষদের ডিন, প্রধান অতিথি থাকবেন বিশ্ববিখ্যাত আবুবক্কর শেফ, আর বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে সেইসব শিক্ষার্থীকে, যাঁরা খাবারের তালিকা নিয়ে সবচেয়ে বেশি তর্ক করতে পারেন। সমাপনী অধিবেশনে ঘোষণা করা হবে, পৃথিবীর সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু প্রতিটি সমস্যার পাশে একটি খাবারের নাম জুড়ে দিলে অন্তত একটি নতুন বিভাগ খোলার সুযোগ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় যদি বিশ্বখাদ্যালয়ে পরিণত হয়, তবে ডিগ্রির বদলে প্লেট, গবেষণাপত্রের বদলে রেসিপি, আর জ্ঞানার্জনের বদলে গোগ্রাসই হয়ে উঠবে শিক্ষার চূড়ান্ত সাফল্য। তখন সমাবর্তনে উপাচার্য বলবেন, ‘আজ থেকে তোমরা সবাই খাদ্যতাত্ত্বিক নাগরিক। জ্ঞান হোক বা না হোক, পেট যেন কখনো শূন্য না থাকে।’

প্র.ইডিয়ট / ১৮ অক্টোবর ২০২৬