ছাড়/ষাড় কী?
বাংলাদেশ নামক আজব প্রজাতন্ত্রে একটা অদ্ভুত প্রাণীর সন্ধান পাওয়া যায়। প্রাণীটির নাম আমলা। ইহার বিচরণ সচিবালয় হইতে শুরু করিয়া উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। খাদ্যতালিকায় আছে জনগণের করের টাকা, পানীয়তে আছে ক্ষমতার উচ্ছিষ্ট, আর দৈনন্দিন ব্যায়ামের মধ্যে আছে ফাইলের উপর ফাইল চাপাইয়া জনগণের কোমর ভাঙার মহড়া। তবে ইহার সবচাইতে আকর্ষণীয় বৈশিষ্ট্য হইল, নিজের পরিচয় ভুলিয়া জনগণের পরিচয় মনে রাখিবার এক অসাধারণ ক্ষমতা।
জনগণ নাকি প্রজাতন্ত্রের মালিক! কথাটা শুনিলে আমলাতন্ত্রের কোনো কোনো সদস্যের মুখে এমন একটা ভাব ফুটিয়া ওঠে, যেন কেউ তাঁহার সামনে দাঁড়াইয়া বলিয়াছে, হাতি নাকি আকাশে উড়ে! মালিকের সঙ্গে চাকরের সম্পর্কটা কী, সেই হিসাব তাঁহারা সম্ভবত ব্রিটিশ আমলের কোনো পুরোনো অভিধানে খুঁজিয়া বেড়ান। কারণ স্বাধীনতার এত বছর পরেও তাঁহাদের মস্তিষ্কের কোনো কোনো গোপন কুঠুরিতে ব্রিটিশ রাজের একটি ছোটখাটো জাদুঘর দিব্যি টিকে আছে।
সেখানে এখনো সাহেব আছে, মেমসাহেব আছে, লাটসাহেব আছে, হুকুম আছে, সেলাম আছে। শুধু একটা জিনিস নাই, জনগণের প্রতি জবাবদিহি! অথচ এই চাকরির বেতন আসে কোথা থেকে? কোনো আমলার পৈতৃক জমিদারি হইতে? কোনো সাহেবের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট হইতে? নাকি সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে কোনো রাজকীয় অনুদানে? না মশাই! কৃষকের ধান, শ্রমিকের ঘাম, রিকশাচালকের রক্তপানি করা পরিশ্রম, ক্ষুদ্র ব্যবসায়ীর মুনাফা, চাকরিজীবীর বেতনের কর্তন এবং সাধারণ মানুষের নিত্যদিনের কেনাকাটার উপর চাপানো করের পয়সায় চলে রাষ্ট্রের চাকরবাকরদের সংসার।
অর্থাৎ জনগণ নিজের পকেটের টাকা খরচ করিয়া নিজের সেবক নিয়োগ করেন। তারপর সেই সেবকের কাছেই সেবা চাইতে গিয়া কখনো কখনো এমন অভিজ্ঞতা অর্জন করেন, যেন নিজের বাড়িতে ঢুকিবার জন্য বাড়িওয়ালার কারো কাছে ভিক্ষা চাইতে হইতেছে!
এইখানেই শুরু হয় এক বিস্ময়কর নাটক। জনগণ বলেন, ভাই একটু কাজটা করে দেবেন? উত্তরে আসে, কী বলেন! আমাকে চেনেন? জনগণ বলেন, স্যার, একটু দেখবেন? তখন মুখের অভিব্যক্তি এমন হয়, যেন স্যার শব্দটির উপর কোনো আন্তর্জাতিক কপিরাইট রহিয়াছে। জনগণ বলেন, জনাব, আপনি তো জনগণের সেবক। তখন তাঁহার চোখেমুখে এমন এক ঐতিহাসিক বিষণ্নতা দেখা দেয়, যেন সদ্য তাঁহার পূর্বপুরুষের জমিদারি নিলামে উঠিয়াছে।
বাহ্! কী চমৎকার রাষ্ট্রবিজ্ঞান! চাকরি করিব জনগণের, বেতন লইব জনগণের, গাড়িতে উঠিব জনগণের টাকায়, বিদেশ ভ্রমণ করিব জনগণের রাজস্বে, অফিসে বসিব জনগণের সম্পদে, আর জনগণ আমাকে সম্বোধন করিবে কী নামে, সেইটাও আমি ঠিক করিয়া দিব! এ যেন সরকারি চাকরি নয়, জনগণের অর্থে ব্যক্তিগত নবাবি প্রতিষ্ঠার এক অভিনব প্রকল্প।
ব্রিটিশ আমলে সাহেবদের সামনে দেশীয় কর্মচারীদের মাথা নত করিবার একটা ঐতিহাসিক বাধ্যবাধকতা ছিল। সেই আমলের লাটসাহেবেরা ভারতবর্ষকে নিজেদের সাম্রাজ্য মনে করিতেন। তাঁহাদের চোখে এ দেশের মানুষ ছিল প্রজা, আর প্রশাসন ছিল শাসনের যন্ত্র। সেই শাসনের লাঠির দাগ এখনো ইতিহাসের পাতায় শুকায় নাই। অথচ স্বাধীনতার পরেও যদি কোনো প্রশাসনিক মানসিকতা সেই লাঠির উত্তরাধিকার বহন করিতে থাকে, তবে বুঝিতে হইবে, সাম্রাজ্যবাদ শুধু ভূখণ্ড ছাড়িয়া যায় নাই, কিছু কিছু মস্তিষ্কে স্থায়ী বন্দোবস্ত করিয়া গিয়াছে।
ব্রিটিশের গাড়ি গেছে, সাহেবের টুপি গেছে, ইউনিয়ন জ্যাক নামিয়েছে; কিন্তু সাহেবি মেজাজের যে উত্তরাধিকার, তাহা এখনো কোনো কোনো অফিসের চেয়ার ছাড়িতে রাজি নহে!
চেয়ারখানারও বড় অদ্ভুত ক্ষমতা। মানুষ চেয়ারে বসে, কিছুদিন পর চেয়ার মানুষের মাথায় বসে। তখন মানুষ আর মানুষ থাকে না, হয়ে ওঠে পদবি, প্রটোকল, ক্ষমতা আর পদের চারপাশে ঘুরিয়া বেড়ানো একখানা চলমান বিজ্ঞপ্তি। চেয়ার যত উঁচু হয়, কোনো কোনো মানুষের বিবেক তত নিচে নামিয়া যায়। জনগণের সঙ্গে কথা বলিবার সময় মুখের ভাষা বদলাইয়া যায়, চোখের দৃষ্টি বদলাইয়া যায়, এমনকি হাঁটার ভঙ্গিতেও একটা রাজকীয় ঝাঁকুনি দেখা দেয়।
মনে হয়, মাটিতে পা রাখিলে পদমর্যাদার অবমাননা হইবে! অথচ পদমর্যাদা আর ব্যক্তিমর্যাদা এক জিনিস নহে। পদ একজনকে দায়িত্ব দেয়, মানুষকে বড় করে না। সম্মান অর্জন করিতে হয় আচরণে, সেবায়, সততায়, কর্মে। পদবি ঝুলাইয়া সম্মান আদায় করিবার চেষ্টা অনেকটা খালি কলসির গলায় সোনার মালা পরাইবার মতো। দূর থেকে ঝলমল করে, কাছে গেলে বোঝা যায়, ভেতরে শব্দ ছাড়া আর কিছু নাই।
আর এই যে স্যার সম্বোধনের মহামারি, ইহারও একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। সমাজে এমন একটা শ্রেণি তৈরি হইয়াছে, যাহারা মনে করে, মানুষকে ছোট করিতে পারিলেই নিজের উচ্চতা প্রমাণিত হয়। তাঁহারা ভুলিয়া যান, সম্মান কোনো একমুখী ট্রাফিক নয়। নিজের জন্য যেই সম্মান প্রত্যাশা করেন, অন্যের জন্যও সেই সম্মান প্রদর্শন করিতে হয়। কৃষককে তুই বলিয়া নিজের জন্য স্যার দাবি করিবার মধ্যে কোনো আভিজাত্য নাই, আছে কেবল সামাজিক অসভ্যতার প্রাতিষ্ঠানিক সংস্করণ।
তবে এই স্যারগিরির বাজারে সবচেয়ে মজার ব্যাপার হইল, বিপদের সময় সেই স্যার সাহেবেরাও খুব দ্রুত ভাই হইয়া যান। নির্বাচন আসিলে ভাই, জনগণের দরবারে গেলে ভাই, বদলির আশঙ্কা দেখা দিলে ভাই, তদন্তের প্রশ্ন উঠিলে ভাই। অর্থাৎ পরিস্থিতি বুঝিয়া সম্বোধনের পোশাক বদলাইবার এক অসাধারণ কূটনৈতিক দক্ষতা তাঁহাদের আছে। জনগণের কাছে ভোট চাইবার সময় তাঁহারা আর জনগণের চাকর থাকেন না, জনগণের ভাই হইয়া যান। কিন্তু ক্ষমতার চেয়ারে বসিবার পর সেই ভাই আবার কবে স্যার হইয়া গেলেন, জনগণ বুঝিয়া উঠিবার আগেই ফাইলের নিচে চাপা পড়িয়া যায়।
ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক থাকে, কিন্তু স্যারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে প্রটোকল! এই প্রটোকলেরও আবার বিচিত্র সব স্তর। অফিসে ঢুকিলে স্যার, করিডরে স্যার, সভায় স্যার, ফোনে স্যার, এমনকি কোনো কোনো ক্ষেত্রে স্যারের অনুপস্থিতিতেও স্যার! মনে হয়, দেশটা একটা বিশাল সম্বোধন কারখানা। এখানে উৎপাদিত হয় স্যার, সরবরাহ করা হয় স্যার, আর জনগণের করের টাকায় সেই স্যারদের আত্মমর্যাদার বাজারদর প্রতিনিয়ত বাড়ানো হয়।
প্রশ্ন হইল, জনগণের চাকরি করিয়া জনগণের কাছেই এত ভাব কিসের? আপনার পদ বড় হইতে পারে, আপনার বেতন বড় হইতে পারে, আপনার গাড়ির নম্বরপ্লেট বিশেষ হইতে পারে, আপনার অফিসের দরজায় বড় বড় অক্ষরে পদবি লেখা থাকিতে পারে। কিন্তু মনে রাখিবেন, আপনার চাকরির বিজ্ঞপ্তিতে জনগণকে আপনার প্রজা বানানোর কোনো শর্ত লেখা নাই। আপনার নিয়োগপত্রে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করিবার কোনো সাংবিধানিক অধিকার দেওয়া হয় নাই। আপনার বেতনভাতার সঙ্গে মানুষের আত্মসম্মান কেনার কোনো বরাদ্দও সংযুক্ত নাই।
রাষ্ট্র কোনো ব্যক্তিগত জমিদারি নহে। প্রশাসন কোনো বংশানুক্রমিক নবাবি নহে। সরকারি অফিস কোনো ব্যক্তিগত দরবার নহে। জনগণের সেবার জন্য নির্মিত প্রতিষ্ঠানকে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির প্রদর্শনীতে পরিণত করা মানে প্রজাতন্ত্রের মূল দর্শনের গলায় আমলাতান্ত্রিক ঘণ্টা বাঁধিয়া দেওয়া।
এবার আসি ষাড় প্রসঙ্গে! ষাড়ের একটা বিশেষত্ব আছে। শক্তি আছে, গোঁ আছে, কখনো কখনো সামনে লাল কাপড় দেখিলে এমনভাবে তেড়ে আসে, যেন গোটা পৃথিবী তাহার ব্যক্তিগত গোয়ালঘর। কিন্তু ষাড় আর স্যারের মধ্যে পার্থক্য কোথায়? ষাড় অন্তত নিজের স্বভাব গোপন করে না। সে ষাড়, সে ষাড়ের মতোই আচরণ করে। কিন্তু মানুষ যখন স্যারের পোশাক পরিয়া ষাড়ের স্বভাব প্রদর্শন করেন, তখন সমস্যাটা আর প্রাণিবিজ্ঞানের থাকে না, সমাজবিজ্ঞানের হইয়া দাঁড়ায়।
পদমর্যাদার গুঁতো আর ষাড়ের গুঁতোয় তফাত খুব বেশি নাই। একটিতে শরীর ক্ষতবিক্ষত হয়, অন্যটিতে নাগরিক অধিকার।
তবে সকল আমলা এক রকম নহেন। অসংখ্য সৎ, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের সেবা করেন। তাঁহাদের কারণেই প্রশাসনের প্রতি মানুষের আস্থা এখনো সম্পূর্ণ বিলীন হয় নাই। এই রম্যরচনার নিশানা কোনো পেশা নহে, নিশানা সেই ঔপনিবেশিক মানসিকতা, যাহা সরকারি চাকরিকে জনগণের সেবা না ভাবিয়া জনগণের উপর কর্তৃত্ব ফলানোর লাইসেন্স মনে করে।
সম্বোধনের স্বাধীনতা থাকুক। কাউকে স্যার বলিলে আপত্তি নাই, ভাই বলিলে অসম্মান নাই, জনাব বলিলে অপরাধ নাই। কিন্তু সম্বোধন যেন কখনো মানুষের মর্যাদার মাপকাঠি না হয়। যে মানুষকে মানুষ বলিয়া সম্মান দিতে জানে না, তাহার নামের আগে দশটা স্যার বসাইলেও ভেতরের শূন্যতা পূরণ হয় না।
জাতির ইতিহাসে স্বাধীনতা আসিয়াছে মানুষের মাথা উঁচু করিবার জন্য, নতুন কোনো সাহেবের সামনে মাথা নত করিবার জন্য নয়। সরকারি কর্মকর্তা হইবেন জনগণের আস্থার প্রতীক, আতঙ্কের প্রতিমূর্তি নহেন। তাঁহার কণ্ঠে থাকিবে দায়িত্বের দৃঢ়তা, আচরণে থাকিবে মানবিকতা, আর ক্ষমতার ব্যবহারে থাকিবে সংযম।
একটা কথা মনে রাখা দরকার, জনগণ আপনাকে চাকরি দিয়েছে, চাকরির সঙ্গে সম্মানও দিয়েছে। সেই সম্মান আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, রাষ্ট্রের পক্ষ থেকে অর্পিত আমানত। আমানতের মর্যাদা রাখিতে না পারিলে পদবি থাকে, পদ থাকে, গাড়ি থাকে, পিয়ন থাকে, প্রটোকল থাকে; শুধু মানুষটিই হারাইয়া যায়। তখন জনগণ আর স্যার খুঁজে পায় না, খুঁজে পায় ক্ষমতার পোশাক পরা একখানা আত্মম্ভরিতার ষাড়! স্যার হওয়া বড় কথা নয়, মানুষের সেবক হওয়াটাই বড় কথা। জনগণের টাকায় চাকরি করিয়া জনগণের মাথায় শিং গজাইয়া দেওয়ার নাম প্রজাতন্ত্র নয়।
আর যাঁহাদের সম্বোধন নিয়া এত মাথাব্যথা, তাঁহাদের প্রতি বিনীত নিবেদন: আগে চাকরির হক আদায় করেন, পরে স্যারের হক বুঝেন। জনগণের ট্যাক্সে পোষা পদবির এত গরম কিসের? মনে রাখবেন, জনগণ আপনাদের চাকর নয়; আপনারাই জনগণের চাকর!
প্রদ্যোত / ২০ নভেম্বর ২০২৬