← Back to writing

অবুঝের বোঝার বোঝা

অবুঝের বোঝার বোঝা

পৃথিবীতে বোঝার মতো কঠিন বিষয় খুব কমই আছে। তার চেয়েও কঠিন হলো, কেউ কিছু বুঝেও বুঝতে না চাইলে তাকে বোঝানো। আর সবচেয়ে কঠিন হলো, যে বুঝতে চায় না, সে যে বুঝতে চায় না, সেটি বুঝেও তাকে বোঝাতে গিয়ে নিজে কতখানি বুঝদার, সেই বুঝদারির প্রমাণ দিতে দিতে একসময় নিজেরই বোঝার ক্ষমতা নিয়ে সন্দেহে পড়ে যাওয়া। এই যে বোঝা, না বোঝা, বুঝেও না বোঝা, না বুঝেও বুঝেছি ভাবা এবং বুঝতে না চাওয়ার মধ্যে বোঝার একটা বিরাট বোঝা চাপিয়ে দেওয়া, এটাই বোধহয় মানবসভ্যতার সবচেয়ে ভারী বুদ্ধিবৃত্তিক বোঝা!

আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছেন, যাঁরা সবকিছু বোঝেন। তবে তাঁদের বোঝার একটা বিশেষত্ব আছে। তাঁরা নিজেরা যা বোঝেন, অন্যকে তা বোঝাতে চান না; বরং অন্যে কী বুঝেছে, সেটি বোঝার জন্য এমনভাবে তাকিয়ে থাকেন, যেন বোঝার সমস্ত দায়িত্ব অন্যের ঘাড়ে অর্পণ করে তাঁরা নিজেরা বোঝার দায় থেকে সাংবিধানিকভাবে অব্যাহতি পেয়েছেন। তাঁদের সামনে কোনো সহজ বিষয় তুলে ধরুন, তাঁরা সেটিকে এমন জটিল করে তুলবেন যে, বিষয়টি নিজেই নিজের অস্তিত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়বে। একটা সরল প্রশ্নের উত্তরে তাঁরা এমন সব বাঁকবদল ঘটাবেন যে, প্রশ্নকর্তা শেষ পর্যন্ত নিজের প্রশ্নের কাছেই ক্ষমা চাইতে বাধ্য হবেন।

এঁদের একটি বিশেষ কৌশল আছে। প্রথমে তাঁরা কিছুই বুঝবেন না। তারপর বুঝতে পেরেছেন কি না, সে প্রশ্নে এমন একটা মুখভঙ্গি করবেন, যাতে মনে হবে, বুঝেছেন তো বটেই, কিন্তু বিষয়টি এতটাই গভীর যে, সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে আপাতত না বোঝার অভিনয় করছেন। এরপর আপনি যদি বোঝাতে যান, তাঁরা আপনার বোঝানোর মধ্যে না বোঝার উপাদান খুঁজে বের করবেন। আপনি বলবেন, ‘বিষয়টা খুব সহজ।’ তাঁরা বলবেন, ‘সহজ বলেই তো জটিল!’ আপনি বলবেন, ‘আমি যেটা বলতে চাইছি, সেটা বুঝেছেন?’ তাঁরা বলবেন, ‘আপনি কী বলতে চাইছেন, সেটা আগে আপনি বুঝেছেন কি না, সেটাই তো বুঝতে পারছি না!’

ব্যস! আপনার বোঝানো শেষ, তাঁদের বুঝদারি শুরু।

এমন মানুষের সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই বুঝতে হয়, তিনি আদৌ বুঝতে চান কি না। দ্বিতীয়ত, তিনি না বুঝলেও বুঝেছেন বলে চালিয়ে দিতে চান কি না। তৃতীয়ত, আপনি বুঝিয়ে দিলে তিনি বুঝবেন, নাকি আপনি তাঁকে বুঝিয়েছেন বলে আপনাকেই ভুল বুঝবেন। চতুর্থত, আপনার বোঝানোর মধ্যে তিনি এমন কোনো না-বোঝার সুযোগ খুঁজছেন কি না, যা দিয়ে আপনার বোঝার ওপর তাঁর না-বোঝার বিজয়স্তম্ভ নির্মাণ করা যায়।

এই চারটি বিষয় বুঝতে বুঝতেই কথোপকথনের আয়ু শেষ হয়ে যায়। অথচ মূল বিষয়টি তখনো বোঝার অপেক্ষায় থাকে!

এঁদের কাছে যুক্তি হলো এমন একটি বস্তু, যা নিজের পক্ষে থাকলে জ্ঞান, বিপক্ষে থাকলে ষড়যন্ত্র। তথ্য হলো এমন এক উপাদান, যা নিজের বক্তব্যের সঙ্গে মিললে প্রমাণ, না মিললে মনগড়া। আর সত্য হলো এমন এক আপেক্ষিক পদার্থ, যা নিজের সুবিধামতো বাঁক নেয়। আপনি যদি বলেন, ‘সূর্য পূর্ব দিকে ওঠে’, তাঁরা বলবেন, ‘সবসময় কি একই পূর্ব দিকে ওঠে?’ আপনি যদি বলেন, ‘পৃথিবী গোলাকার’, তাঁরা বলবেন, ‘আপনি কি পুরো পৃথিবী ঘুরে দেখে এসেছেন?’ আপনি যদি বলেন, ‘আপনি ভুল বুঝছেন’, তাঁরা বলবেন, ‘ভুল বুঝছি না, আপনার ভুল বোঝাটাকে বুঝতে চেষ্টা করছি!’

কী চমৎকার! এ যেন বোঝার নামে না-বোঝার এক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে সভাপতি নিজেই জানেন না সম্মেলনটি কেন হচ্ছে, প্রধান অতিথি জানেন না তিনি কেন এসেছেন, আর আলোচকরা জানেন না তাঁরা কী নিয়ে আলোচনা করছেন। তবু সবাই একমত যে, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে!

আমাদের চারপাশে এমন কিছু বুঝদারও আছেন, যাঁরা কোনো বিষয়ে জ্ঞান না থাকলেও মতামত দেওয়ার ক্ষেত্রে বিশ্বকোষের চেয়েও সমৃদ্ধ। তাঁদের কাছে অজ্ঞতা কোনো দুর্বলতা নয়, বরং একধরনের আত্মবিশ্বাসী অলংকার। তাঁরা জানেন না, কিন্তু জানেন না যে জানেন না। সবচেয়ে ভয়ংকর হলো, তাঁরা জানেন না যে জানেন না, অথচ অন্যরা জানে না বলে তাঁদের গভীর দুঃখ! এঁদের সঙ্গে কথা বললে মনে হয়, জ্ঞানার্জনের চেয়ে জ্ঞান প্রদর্শন অনেক সহজ এবং বুদ্ধিমান হওয়ার চেয়ে বুদ্ধিমান সাজার বাজারদর অনেক বেশি।

এদিকে বোঝানোর মানুষটিও কম বিপদে পড়েন না। তিনি ভাবেন, একটু বুঝিয়ে বললেই হয়তো মানুষটি বুঝবেন। তাই উদাহরণ দেন, ব্যাখ্যা করেন, যুক্তি সাজান, তথ্য তুলে ধরেন। কিন্তু প্রতিবারই বিপরীত পক্ষ এমন একটা প্রশ্ন ছুড়ে দেন, যার সঙ্গে মূল বক্তব্যের সম্পর্ক এতটাই দূরবর্তী যে, প্রশ্নটি শুনে মূল বক্তব্যও নিজের ঠিকানা ভুলে যায়। শেষে বোঝানোর মানুষটি বুঝতে পারেন, তিনি আসলে কোনো মানুষকে বোঝাচ্ছেন না; তিনি একটি চলমান ভুল বোঝাবুঝির সঙ্গে বুদ্ধিবৃত্তিক কুস্তি করছেন!

এই কুস্তিতে জয়ী হওয়ার কোনো উপায় নেই। কারণ, আপনি যুক্তি দিয়ে জিতলে তিনি বলবেন, ‘আপনি তর্ক করছেন।’ আপনি চুপ থাকলে বলবেন, ‘দেখলেন, উত্তর দিতে পারলেন না।’ আপনি চলে গেলে বলবেন, ‘বিষয়টা বুঝতে না পেরে পালিয়ে গেলেন।’ আর আপনি যদি হাসেন, তাহলে বলবেন, ‘হাসছেন কেন? বিষয়টা কি আপনার কাছে হাস্যকর?’ অর্থাৎ আপনি যা-ই করুন, তাঁর না-বোঝার সাম্রাজ্যে আপনার কোনো নাগরিক অধিকার নেই।

সবচেয়ে মজার ব্যাপার হলো, এঁরা নিজেরা কখনো ভুল বোঝেন না। ভুল বোঝেন অন্যরা। নিজের বক্তব্য অস্পষ্ট হলে শ্রোতার সমস্যা, নিজের যুক্তি দুর্বল হলে প্রশ্নকর্তার সীমাবদ্ধতা, নিজের জ্ঞানের ঘাটতি থাকলে শিক্ষাব্যবস্থার ব্যর্থতা। অর্থাৎ নিজের বোঝার মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা কেবল পৃথিবীর বাকি সাতশো কোটিরও বেশি মানুষের বোঝার ক্ষমতায়!

তাই ভাবছি, ভবিষ্যতে এঁদের জন্য আলাদা একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা দরকার। নাম হতে পারে, ‘আন্তর্জাতিক না-বোঝা ও বুঝদারি গবেষণা ইনস্টিটিউট’। সেখানে তিনটি বিভাগ থাকবে।

প্রথম বিভাগে শেখানো হবে, কীভাবে কিছু না বুঝেও বুঝেছি বলে মাথা নাড়াতে হয়।

দ্বিতীয় বিভাগে থাকবে, কীভাবে অন্যের সহজ বক্তব্যকে এমনভাবে জটিল করে তুলতে হয়, যাতে বক্তা নিজেই নিজের বক্তব্যের অর্থ ভুলে যান।

তৃতীয় বিভাগে থাকবে, কীভাবে নিজের ভুল স্বীকার না করে অন্যের বোঝার ভুল আবিষ্কার করতে হয়।

স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা শিখবেন, ‘আমি বুঝিনি’ কথাটিকে কীভাবে ‘আপনি বোঝাতে পারেননি’ বাক্যে রূপান্তর করতে হয়। স্নাতকোত্তরে থাকবে, ‘আমি বুঝেও বুঝিনি’ তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। আর পিএইচডির বিষয় হবে, ‘বুঝতে না চাওয়ার মধ্য দিয়ে বোঝার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মনস্তাত্ত্বিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাব’।

ডিগ্রি অর্জনের পর তাঁদের উপাধি দেওয়া হবে ‘বিশ্ববোঝাবুঝি বিশারদ’। তাঁরা সমাজে গিয়ে মানুষকে বোঝাবেন, বোঝার কোনো প্রয়োজন নেই; বরং কে কত ভালোভাবে না-বোঝার অভিনয় করতে পারেন, সেটিই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।

তবে এই সমস্ত বোঝাপড়ার মধ্যে একটি ছোট্ট কথা না বললেই নয়। বোঝা আর বোঝার ভান করা এক বিষয় নয়। না-বোঝা কোনো অপরাধ নয়, কিন্তু বুঝতে না চাওয়া অনেক সময় বুদ্ধির প্রতি অবিচার। প্রশ্ন করা জ্ঞানের লক্ষণ, কিন্তু উত্তর না শুনেই প্রশ্নের ওপর প্রশ্ন চাপিয়ে দেওয়া জ্ঞানচর্চা নয়। মতভিন্নতা স্বাভাবিক, কিন্তু সত্যকে জেনেশুনে অস্বীকার করা কোনো মতাদর্শ নয়; সেটি সুবিধাবাদী বুদ্ধিবৃত্তির একধরনের কসরত।

মানুষের মস্তিষ্কে নিউরনের অভাব নেই, অভাব হলো কখনো কখনো সেই নিউরনগুলোকে কাজে লাগানোর সদিচ্ছার। জ্ঞান অর্জন করতে হয়, বোধ তৈরি করতে হয়, আর বুঝতে হলে নিজের অহংকারের ওপর সামান্য নিয়ন্ত্রণ রাখতে হয়। কারণ, যে মানুষ সবকিছু জানে বলে মনে করে, তার শেখার দরজাটিই সবচেয়ে আগে বন্ধ হয়ে যায়।

অতএব, আজকাল কাউকে কিছু বোঝানোর আগে নিজের বোঝার ক্ষমতা যাচাই করা জরুরি। তারপর বুঝতে হবে, যাকে বোঝাতে যাচ্ছি, তিনি বুঝতে অক্ষম, নাকি বুঝতে অনিচ্ছুক। যদি অক্ষম হন, বোঝানোর চেষ্টা করা যায়। আর যদি অনিচ্ছুক হন, তাহলে তাঁকে বোঝানোর চেয়ে নিজের সময়টুকু বাঁচানোই অধিকতর বুদ্ধিমানের কাজ।

শেষ পর্যন্ত আমার উপলব্ধি হলো, পৃথিবীতে বোঝার বোঝা যতটা ভারী, তার চেয়ে অনেক বেশি ভারী হলো না-বোঝার ভান বহন করা। কারণ, সত্যিকারের বোঝা মানুষকে জ্ঞানী করে, আর বুঝেও না-বোঝার অভিনয় মানুষকে হাস্যকর করে তোলে।

এবার বলুন তো, এতক্ষণে কি বুঝেছেন? নাকি বুঝেও না বোঝার ভান করছেন? নাকি বুঝতে পেরেছেন যে, আমি বুঝেছি আপনি বুঝবেন না, আর আপনি বুঝেছেন যে, আমি বুঝতে পারিনি আপনি বুঝতে চান না?

যদি এতক্ষণেও না বুঝে থাকেন, তাহলে আর বোঝানোর প্রয়োজন নেই। কারণ, বোঝারও একটা সীমা আছে; কিন্তু না-বোঝার কোনো সীমা নেই! আর সেই সীমাহীন না-বোঝার বোঝাই আজকাল সমাজের সবচেয়ে বড় বুঝদারির পরিচয়!!!

পুনশ্চঃ / মানুষ ভুল বুঝলে সংশোধন করা যায়, কিন্তু বুঝেও না-বোঝার অভিনয় করলে সংশোধন করতে গিয়ে সংশোধনকারীকেই সংশোধিত হতে হয়!

প্রদ‍্যোত / ২৩ নভেম্বর ২০২৬