← Back to writing

মানুষ আকৃতির প্রাণী : অনাসৃষ্টির আন্তর্জাতিক কারখানা

মানুষ আকৃতির প্রাণী : অনাসৃষ্টির আন্তর্জাতিক কারখানা

পৃথিবীতে যত অনাসৃষ্টি আছে, তার একটা বড় অংশের পেছনে হাতুড়ি নিয়া কোনো অসুর বইসা নাই, শিংওয়ালা শয়তানও না। আছে দুই পায়ে হাঁটা, দুই হাতে তালি মারা, মুখ দিয়া ধর্মের বাণী ছড়ানো আর মাথার ভিতরখান গোডাউন কইরা রাখা কিছু মানুষ আকৃতির প্রাণী। এদের শরীরের সব যন্ত্রপাতি ঠিকঠাক চলে, খালি চিন্তাভাবনার কলটায় তালা। চোখ দিয়া দেখে, কিন্তু বোঝে না; কান দিয়া শোনে, কিন্তু শিখে না; মুখ দিয়া বক্তৃতা দেয়, কিন্তু নিজের কথার মানেটাও জানে না। এরা এমন এক বিচিত্র প্রজাতি, যাদের মগজের ওজন মাপা যায়, কিন্তু মগজের ব্যবহার খুঁজতে গেলে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা লাগে!

এদের আবার কয়েকটা উন্নত সংস্করণও আছে। একদল চিন্তাপ্রতিবন্ধী, আরেক দল জ্ঞানান্ধ, কেউ বোধান্ধ, কেউ ধর্মান্ধ, কেউ কুসংস্কারের আজীবন ডিলার। শিক্ষার সার্টিফিকেট থাকলেও শিক্ষা নাই, বিদ্যার জাহাজ থাকলেও বিবেকের বৈঠা নাই। কেউ অশিক্ষিত, কেউ কুশিক্ষিত। অশিক্ষিত মানুষ জানে না, তাই শিখতে পারে; কিন্তু কুশিক্ষিত জানে বইলা মনে করে, তাই শেখার দরজায় তালা মাইরা নিজেরে জ্ঞানের হেডমাস্টার ঘোষণা করে। প্রথমজনের অন্ধকারে একটা প্রদীপ জ্বালানো সম্ভব, দ্বিতীয়জন প্রদীপটারে বিদেশি ষড়যন্ত্র কইয়া ফুঁ দিয়া নিভাইয়া দেয়!

ধর্মান্ধদের কারবার আরও জমজমাট। ধর্মের মূল শিক্ষা পড়ার সময় তাদের চোখে ঘুম আসে, কিন্তু ধর্মের নামে অন্যের গলা চেপে ধরার সময় চোখে লেজার লাইট জ্বলে। সৃষ্টিকর্তা কী কইছেন, সেটা জানার দরকার নাই; পাশের বাড়ির লোক কী খাইতেছে, কী পরতেছে, কারে ভালোবাসতেছে, কোন পথে হাঁটতেছে, সেইটার পূর্ণাঙ্গ তদন্ত চাই। নিজের চরিত্রের ফাইলখানা বছরের পর বছর পেন্ডিং, অথচ অন্যের পাপের চার্জশিট তৈরি করতে এদের সময় লাগে পাঁচ মিনিট! নিজের ঘরের ভিতর অন্যায়ের পাহাড় জমুক, তবু সমস্যা নাই; প্রতিবেশীর উঠানে একটা শুকনা পাতা পড়লেই নৈতিকতার ফায়ার সার্ভিস নিয়া হাজির।

এরা ধর্ম পালন করে কম, ধর্মের ঠিকাদারি করে বেশি। পরকালের টিকিট নিজের হাতে ছাপায়, বেহেশতের জমি নিজের নামে রেজিস্ট্রি করে, আর দোজখের গেটের সামনে অন্যের জন্য অগ্রিম বুকিং দেয়। সৃষ্টিকর্তার ক্ষমতা নাকি অসীম, কিন্তু তাঁরে রক্ষা করার দায়িত্ব পড়ছে এই ক্ষুদ্র মগজের মহামান্য নিরাপত্তাকর্মীদের ওপর! কী আজব কাণ্ড! যাঁর সৃষ্টি মহাবিশ্ব, তাঁর সম্মান রক্ষার জন্যও নাকি দরকার দুই পয়সার গলাবাজি, কয়েকটা হুমকি আর একখান মিছিল! সৃষ্টিকর্তা যদি একবার এইসব ঠিকাদারদের নিয়োগপত্র দেখতে চাইতেন, আমার ধারণা, এরা নিজেরাই নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কইরা বসত!

কুসংস্কারাচ্ছন্নদের আবার আলাদা বিজ্ঞান আছে। পরীক্ষায় ফেল করলে প্রশ্ন কঠিন, চাকরি না পাইলে ভাগ্য খারাপ, ব্যবসায় লোকসান হইলে গ্রহের দোষ, আর নিজের বুদ্ধি কম হইলে নিশ্চয়ই কারও নজর লাগছে! নিজের ভুল স্বীকার করার চাইতে এদের কাছে শনির দশা সামলানো সহজ। বই পড়ার দরকার নাই, যুক্তি শেখার দরকার নাই, তথ্য যাচাইয়ের দরকার নাই; একটা তাবিজ, তিনটা ফুঁ, পাঁচটা গুজব আর সাতটা ফরওয়ার্ডেড মেসেজ থাকলেই জীবনবিজ্ঞান সম্পূর্ণ। পৃথিবী গোল কি চ্যাপ্টা, সেইটা জানার আগে এরা ঠিক কইরা ফেলে পাশের বাড়ির বউয়ের হাসির পেছনে কোন অশুভ শক্তি কাজ করতেছে!

আর জ্ঞানান্ধদের কথা কী কমু! এরা অজ্ঞ না, এরা অজ্ঞতার ওপর পিএইচডি করা অধ্যাপক। নিজেরা কিছু জানে না, কিন্তু জানে না যে জানে না, সেইটাও জানে না। বরং জানার ভান করতে করতে এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে সত্য কথা কইলে তারা অপমানিত বোধ করে, যুক্তি দিলে রাগ করে, প্রমাণ দিলে ষড়যন্ত্রের গন্ধ পায়। একখান ভুল ধারণা তাদের মাথায় ঢুকলে সেটা আর ধারণা থাকে না, বাপদাদার ভিটা হইয়া যায়। সত্যের দলিল দেখাইলেও বলে, ‘এইসব কাগজপত্র দিয়া আমার বিশ্বাস নাড়াইতে পারবা না!’ যেন সত্য যাচাই করার আদালত বসছে, আর বিচারপতি হইছেন তিনি নিজেই, উকিল নিজেই, সাক্ষী নিজেই, রায়ও নিজের পক্ষে!

এইসব মানুষ আকৃতির প্রাণীদের সবচেয়ে বড় প্রতিভা হইল, নিজের ভুলের দায় অন্যের ঘাড়ে চাপানো। দুর্নীতি করে সমাজের দোষ দেয়, ঘুষ খাইয়া দেশের ভবিষ্যৎ নষ্ট করে, তারপর স্বাধীনতা আর নৈতিকতার বক্তৃতা দেয়। নিজেরা নিয়ম ভাঙে, কিন্তু অন্যের নিয়মভঙ্গ দেখলে আইন হাতে তুইলা নেয়। নিজেরা প্রশ্ন সহ্য করতে পারে না, অথচ সারাক্ষণ অন্যের জবাবদিহি চায়। এদের কাছে বিবেক হইল অন্যের জন্য বানানো একটা লাঠি, নিজের পিঠে লাগলে যেই লাঠির অস্তিত্বই অস্বীকার করে!

সবচেয়ে ভয়ংকর হইল, এরা একা থাকলে যতটা ক্ষতিকর, দল বাঁধলে তার চাইতে বহুগুণ বেশি। একজন বোধান্ধ মানুষ একটা ভুল করতে পারে; হাজার বোধান্ধ মানুষ একসঙ্গে হইলে সেই ভুলের নামে আন্দোলন দাঁড়ায়, কমিটি হয়, মঞ্চ হয়, মাইক ভাড়া হয়, চাঁদা ওঠে, তারপর ভুলটাই জাতীয় ঐতিহ্য হইয়া যায়! গুজব তখন সংবাদ, বিদ্বেষ তখন আদর্শ, উন্মাদনা তখন জনমত, আর প্রশ্ন তোলা মানুষটা হইয়া যায় জাতির শত্রু। কারণ অন্ধকারের সবচেয়ে বড় শক্তি অন্ধকার নিজে না, অন্ধকারে অভ্যস্ত মানুষের সেই আত্মবিশ্বাস, যে সূর্য উঠলেও সে নিজের চোখ বন্ধ রাখবেই!

তবে সাবধান, সব ধর্মবিশ্বাসী অন্ধ না, সব অশিক্ষিত মানুষ মূর্খ না, সব শিক্ষিত মানুষ জ্ঞানীও না। অজ্ঞতা কোনো ডিগ্রির নাম না, ধর্মান্ধতা কোনো নির্দিষ্ট ধর্মের একচেটিয়া সম্পত্তি না, আর বিবেক কোনো বিশেষ সম্প্রদায়ের বাপের জমিও না। যে মানুষ নিজের বিশ্বাসকে প্রশ্ন করতে পারে না, নিজের ভুল স্বীকার করতে পারে না, অন্যের মানবিক অধিকার মানতে পারে না, সেই মানুষই সমস্যার কারখানা। সে মন্দিরে থাকুক, মসজিদে থাকুক, গির্জায় থাকুক, বিশ্ববিদ্যালয়ের চেয়ারে থাকুক কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থাকুক, মাথার ভিতর যুক্তির বাতি নিভে গেলে পদবি দিয়া আলোকিত হওয়া যায় না।

পৃথিবীর যাবতীয় অনাসৃষ্টির জন্য শুধু এই মানুষ আকৃতির প্রাণীগুলারে দায়ী করলেই অবশ্য হিসাব শেষ হয় না। অনাসৃষ্টির কারখানায় কাঁচামাল জোগায় লোভ, উৎপাদন বাড়ায় ক্ষমতার নেশা, আর বাজার গরম রাখে ভয় ও বিদ্বেষ। কিন্তু চিন্তার প্রতিবন্ধকতা যখন ধর্মান্ধতা, কুসংস্কার আর কুশিক্ষার সঙ্গে হাত মেলায়, তখন সেই কারখানার উৎপাদন কয়েক গুণ বাড়ে। যুদ্ধের পক্ষে স্লোগান ওঠে, হত্যার পক্ষে যুক্তি বানানো হয়, শোষণের পক্ষে নীতি লেখা হয়, আর অন্যায়ের পক্ষে লাখ লাখ মানুষ হাততালি দেয়। তখন বিবেক একা দাঁড়ায়, আর নির্বুদ্ধিতা মাইক হাতে মঞ্চ কাঁপায়।

শেষ কথা হইল, মানুষ হইতে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। দুই পায়ে হাঁটা প্রাণীর নাম মানুষ, কিন্তু চিন্তা, সহমর্মিতা, আত্মসমালোচনা আর ন্যায়বোধের চর্চা ছাড়া মনুষ্যত্বের সনদ মেলে না। মাথায় মগজ থাকলেই বুদ্ধি হয় না, বুদ্ধি থাকলেই বিবেক হয় না, আর বিবেক থাকলেই মানুষ তার ব্যবহার জানে না। এই তিনটার মধ্যে সেতু বানানোর নামই শিক্ষা; নিজের বিশ্বাসের সামনে আয়না ধরার নামই জ্ঞান; অন্যের অধিকারকে নিজের অধিকারের সমান মর্যাদা দেওয়ার নামই সভ্যতা।

নইলে কপালে তিলক, মাথায় টুপি, গলায় মালা, বুকে মেডেল, দেয়ালে ডিগ্রি, মুখে নীতিবাক্য আর হাতে ক্ষমতা নিয়া ঘুরলেও লাভ নাই। ভিতরে যদি প্রশ্নের মৃত্যু, যুক্তির নির্বাসন আর বিবেকের কবর রচনা সম্পন্ন হয়, তাইলে বাহ্যিক সাজসজ্জা দিয়া লাভ কী?

মাথার ওপর চুল থাকলেই মাথায় চিন্তা জন্মায় না; মুখে ধর্ম থাকলেই বুকে ধর্মবোধ জন্মায় না; আর গলায় মানুষের পরিচয় ঝুলাইয়া রাখলেই মনুষ্যত্বের লাইসেন্স পাওয়া যায় না।

এই দুনিয়ার সবচেয়ে বড় কৌতুক হইল, মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যন্ত্র পাঠায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বানায়, অথচ পাশের বাড়ির মানুষেরে মানুষ ভাবতে শেখার সময় পায় না!

মহাবিশ্বের রহস্য ভেদ করার আগে তাই একটু নিজের মাথার রহস্য ভেদ করা দরকার। কারণ পৃথিবীর সব সমস্যার সমাধান না হোক, বহু সমস্যার উৎপত্তিস্থল যে মানুষের নিজের অন্ধ মগজখানা, সেই খবরটা যদি মানুষ একবার বুঝত, তাইলে পৃথিবীর অর্ধেক অনাসৃষ্টি আপনা আপনিই ছুটি নিয়া বাড়ি চইলা যাইত!

আর বাকি অর্ধেক? সেইটার দায়িত্ব থাকত ক্ষমতালোভী বদমাশ আর বিবেকবিক্রেতাদের হাতে! কারণ মূর্খতা যখন নিজেরে জ্ঞানী ভাবে, তখন হাসির উদ্রেক হয়; কিন্তু সেই মূর্খতাই যখন ক্ষমতা পায়, তখন ইতিহাসের পাতায় রক্তের দাগ পড়ে।

প্রদ‍্যোত / ১৭ অক্টোবর ২০২৬