ভাইরাল বলদের বিশ্বজয়, নাকি সার্কাসের গরুর গাড়ি!
মানুষের এখন আর মানুষ হওয়ার শখ নাই, ভাইরাল হওয়ার শখ। আগে মানুষ জ্ঞান অর্জন করত, সাধনা করত, নিজেরে তৈরি করত, তারপর দুনিয়া তারে চিনত। এখন দুনিয়া চেনার আগেই নিজেরে দুনিয়ার সামনে ছুড়ে মারার এক আজব প্রতিযোগিতা শুরু হইছে। কে কতখানি ভাইরাল, কে কতজনের চোখে পড়ল, কার কথায় কতজনের মাথা গরম হইল, কার নামে কতখানি গালিগালাজের বাজার জমল, এইগুলা দিয়াই এখন সাফল্যের মাপজোখ। যোগ্যতা থাকুক আর না থাকুক, আলোচনায় থাকলেই হইল। ইজ্জত গেল কি না গেল, তাতে কী! নাম তো হইছে! যেন কুকুরের পেছনে পাড়া দৌড়াইলেই কুকুরটা পাড়ার নেতা হইয়া যায়!
ভাইরাস জিনিসটা কী, একটু খেয়াল করেন। অতি ক্ষুদ্র এক সংক্রামক সত্তা, উপযুক্ত পরিবেশ পাইলে দ্রুত ছড়ায়, আর কোনো কোনো ভাইরাস মানুষের শরীরে ভয়াবহ ক্ষতি ডাইকা আনে। অথচ মানুষ শব্দটার লেজে ভাইরাল লাগাইয়া এমন ভাব ধরতেছে, যেন ভাইরাল হইতে পারলেই তার মাথায় জ্ঞানের মুকুট, পায়ের নিচে পৃথিবী, আর পকেটে বিশ্বজয়ের চাবি! দশটা লোক গালি দিলেও সে খুশি, দশ হাজার লোক ট্রল করলেও সে আহ্লাদে আটখানা। কারণ, তার হিসাবে নিন্দাও প্রচার, অপমানও পরিচিতি, আর বদনামও একরকমের ব্র্যান্ডিং। বাহ্ রে আত্মসম্মান! তোরে কোন জাদুঘরে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাইব?
এই ভাইরাল বাজারে সবচেয়ে সহজ ব্যবসা হইল, আগে থাইকাই বিখ্যাত কোনো মানুষের নামের সঙ্গে নিজের নাম জুড়া লাগানো। নিজের পরিচয় বানাইতে বছরের পর বছর সাধনা লাগে, কিন্তু প্রতিষ্ঠিত মানুষের গায়ে কাদা ছুড়তে লাগে কয়েক সেকেন্ড। নিজের মাথায় বিদ্যার বাতি জ্বালানোর সামর্থ্য নাই? অন্যের প্রদীপে থুতু মারো। নিজের লেখায় পাঠক নাই? রবীন্দ্রনাথরে গালি দাও। নিজের চিন্তায় গভীরতা নাই? নজরুলরে নিয়া উল্টাপাল্টা মন্তব্য করো। নিজের কাজের খবর কেউ রাখে না? শেখ মুজিবুর রহমানের নামের পাশে একটা উসকানিমূলক বাক্য বসায়া দাও। ব্যস, শুরু হইয়া গেল কথার বাজার। সাংবাদিক, ইউটিউবার, ফেসবুকার, সমালোচক, ভক্ত, বিরোধী, নিরপেক্ষতার দোকানদার, সবাই যার যার ঝুড়ি নিয়া হাজির। আর সেই সুযোগসন্ধানী মনে মনে ভাবে, ‘দেখছস! আমারে চিনতে শুরু করছে!’
চিনতে শুরু করছে ঠিকই, কিন্তু কী হিসাবে চিনতেছে, সেই খবরটা নেওয়ার সময় নাই। মানুষ কাউরে চিনতে পারে প্রতিভার জন্য, আবার চিনতে পারে রাস্তার মোড়ে উদ্ভট কাণ্ড করা লোক হিসাবেও। দুই পরিচিতির মধ্যে আকাশপাতাল তফাত। একজনের নাম ইতিহাসের পাতায় থাকে, আরেকজনের কাণ্ড থাকে পুরোনো ফেসবুক পোস্টে। একজনের সৃষ্টি মানুষকে ভাবায়, আরেকজনের কীর্তি মানুষকে হাসায়। একজন সভ্যতার সম্পদ, আরেকজন সভ্যতার বিরতিহীন বিনোদন। অথচ এই দুইয়ের পার্থক্য না বুঝেই অনেকে নিজেরে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভাবতে শুরু করে। ভাই, আন্তর্জাতিক হইছো ঠিকই, কিন্তু কোন আন্তর্জাতিক? জ্ঞানের সম্মেলনে, নাকি সার্কাসের পোস্টারে?
বাংলাদেশের এই ভাইরাল সংস্কৃতিতে রবীন্দ্রনাথ যেন অনেকের কাছে একখানা তৈরি করা সিঁড়ি। নিজের বাড়ির সামনে একখানা ইটও বসানোর ক্ষমতা নাই, অথচ বিশ্বকবির কাঁধে পা দিয়া আকাশে উঠতে চায়। রবীন্দ্রনাথের চৌদ্দগুষ্টি উদ্ধার করলেই যদি বুদ্ধিজীবী হওয়া যাইত, তাইলে পাড়ার গালিবাজরাই এত দিনে অক্সফোর্ডের অধ্যাপক হইয়া যাইত। রবীন্দ্রনাথকে ভালোবাসতেই হবে, এমন কোনো কথা নাই। তাঁর সাহিত্য, দর্শন, চিন্তা, ইতিহাস, সীমাবদ্ধতা, প্রভাব, সবকিছুরই সমালোচনা হইতে পারে। যুক্তি দিয়া সমালোচনা করেন, গবেষণা দিয়া ভুল ধরেন, তাঁর চিন্তার সঙ্গে দ্বিমত পোষণ করেন, নতুন চিন্তা দাঁড় করান। তাতে আপত্তি কই? বরং সেটাই বুদ্ধিবৃত্তিক সততা। কিন্তু যুক্তির বদলে গালাগালি, বিশ্লেষণের বদলে অশ্লীলতা, চিন্তার বদলে চিৎকার, আর সমালোচনার নামে ব্যক্তিগত বিদ্বেষ ছড়াইয়া যদি বিখ্যাত হওয়ার চেষ্টা করেন, তাইলে রবীন্দ্রনাথের বিচার হয় না, আপনার রুচির ময়নাতদন্ত হয়।
সমস্যা রবীন্দ্রনাথরে নিয়া প্রশ্ন তোলা না, সমস্যা হইল প্রশ্নের আড়ালে নিজের শূন্যতা লুকানো। প্রশ্ন মানুষকে বড় করে, কিন্তু প্রশ্নের নামে কাদা ছোড়াছুড়ি মানুষকে কাদার কাছাকাছি নিয়া যায়। রবীন্দ্রনাথের একটি কবিতার বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইতে জ্ঞান লাগে, কিন্তু রবীন্দ্রনাথরে নিয়া অশ্লীল মন্তব্য করতে লাগে শুধু একটা কিবোর্ড আর নিজের বিবেকের সঙ্গে বিচ্ছেদ। প্রথম কাজটা কঠিন, দ্বিতীয়টা সহজ। বাজারে সহজ জিনিসের চাহিদা সব সময় বেশি, বিশেষ করে যখন ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি হয়।
আবার দেখেন, কারও ছবি আঁকা আছে, কারও প্রতিকৃতি ঝুলতেছে, কারও শিল্পকর্ম মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার স্মারক হইয়া আছে। ভাইরাল হওয়ার নেশায় কেউ সেই ছবির মুখে রং ছিটায়, কেউ বিকৃত করে, কেউ শিল্পের ওপর নিজের ক্ষণিকের ক্রোধের বিজ্ঞাপন টাঙায়। তারপর ক্যামেরার সামনে দাঁড়ায় এমন ভঙ্গিতে, যেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম বিপ্লবের জন্ম হইল। আরে বাবা, বিপ্লব আর ভাঙচুর এক জিনিস না! প্রতিবাদ আর প্রহসনও এক জিনিস না! শিল্পকর্মের সঙ্গে মতবিরোধ থাকলে শিল্পের সমালোচনা করেন, ইতিহাসের সঙ্গে বিরোধ থাকলে ইতিহাসের দলিল হাজির করেন।
কিন্তু অন্যের সৃষ্টিকে বিকৃত করে নিজের মুখখানা সামনে আনার নাম সাহস না, অনেক সময় সেটা সস্তা প্রচারের কৌশল। শিল্পের ক্যানভাসে নিজের বিবেকের কালিমা মাখাইয়া কেউ শিল্পী হয় না।
এখনকার কিছু ভাইরাল যোদ্ধার কর্মকাণ্ড দেখলে মনে হয়, নিজের জামাকাপড় খুলে ফেলার একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা চলতেছে। তবে শরীরের জামা না, রুচির জামা, বিবেকের জামা, ভদ্রতার জামা, আত্মসম্মানের জামা। নিজেরে উলঙ্গ কইরা তারপর অন্যের গায়ে কাদা মাখায়। ভাবে, অন্যের গায়ে দাগ লাগলেই নিজের দাগ আর দেখা যাইব না। অথচ ক্যামেরার ফ্ল্যাশ যত বাড়ে, নিজের কদর্যতাও তত পরিষ্কার হয়। আলো সব সময় মহত্ত্ব দেখায় না, কখনো কখনো আবর্জনার স্তূপটাকেও হাই ডেফিনিশনে দেখায়!
এদের একটা বড় সমস্যা হইল, এরা মনোযোগ আর মর্যাদারে এক জিনিস মনে করে। মানুষের চোখে পড়া মানেই মানুষের মনে জায়গা পাওয়া নয়। দশ লাখ মানুষ আপনার ভিডিও দেখলেই দশ লাখ মানুষ আপনাকে শ্রদ্ধা করে না। কেউ দেখে হাসার জন্য, কেউ দেখে গালি দেওয়ার জন্য, কেউ দেখে বন্ধুরে দেখাইয়া একটু বিনোদন নেওয়ার জন্য। আপনি ভাবতেছেন, ‘আমার জনপ্রিয়তা আকাশ ছুঁইছে!’ অথচ দর্শক ভাবতেছে, ‘এই লোকটা আবার কী কাণ্ড করল রে!’ দুই পক্ষের হিসাব দুই রকম। আপনার আত্মপ্রশংসার ঢাক বাজতেছে, আর দর্শকের পেটে হাসির মোচড় উঠতেছে। এই যে দুই দিকের এই বিপুল ব্যবধান, ইহাই ভাইরাল আত্মপ্রবঞ্চনার সবচেয়ে বড় কৌতুক।
ভাইরাল হওয়ার জন্য এখন কেউ বিতর্কের দোকান খোলে, কেউ ধর্মের আবেগে আগুন দেয়, কেউ ইতিহাসের পাতায় থুতু ছিটায়, কেউ জাতীয় ব্যক্তিত্বকে অপমান করে, কেউ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। এদের কাছে সত্য গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হইল প্রতিক্রিয়া। মানুষ কষ্ট পাইল কি না, সমাজে বিভাজন বাড়ল কি না, তরুণেরা ভুল বার্তা পাইল কি না, সেসবের হিসাব নাই। পোস্টের নিচে কত মন্তব্য, কত শেয়ার, কত অনুসারী, কত ভিউ, এইগুলার হিসাব ঠিকঠাক আছে। যেন বিবেকের জায়গায় অ্যানালিটিকস, মনুষ্যত্বের জায়গায় মনিটাইজেশন, আর আত্মার জায়গায় অ্যালগরিদম বসাইয়া দেওয়া হইছে।
সবচেয়ে মজার কথা, এই প্রচারবাজেরা নিজেরে খুব সাহসী ভাবে। ভাবে, সবাই যারে সম্মান করে তারে অপমান করাটাই বুঝি সাহসের চূড়ান্ত পরীক্ষা। অথচ সাহস মানে জনপ্রিয়তার বিপরীতে দাঁড়ানোও হতে পারে, কিন্তু সেই দাঁড়ানোর পেছনে যুক্তি, সত্য আর নৈতিক শক্তি থাকতে হয়। ভিড়ের বিপরীতে দাঁড়াইলেই কেউ মহাপুরুষ হয় না, যেমন ভিড়ের সঙ্গে দৌড়াইলেই কেউ বীর হয় না। কখনো কখনো একজন মানুষ শুধু আলোচনায় থাকার লোভে ভিড়ের সামনে উল্টা নাচে। ভিড় তখন হাততালি দেয় না, মোবাইল বের করে ভিডিও করে। নর্তক ভাবে, সে মঞ্চ দখল করছে; দর্শক জানে, সে কনটেন্ট পাইছে।
এইখানে আরেকটা কথা মনে রাখা দরকার। সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা শেখ মুজিবুর রহমানের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে ঘিরে মতভেদ, মূল্যায়ন ও সমালোচনা থাকতেই পারে। তাঁদের কাউকেই প্রশ্নের ঊর্ধ্বে বসানো বুদ্ধিবৃত্তিক সততা নয়। কিন্তু তাঁদের নাম ব্যবহার করে নিজের পরিচিতির সিঁড়ি বানানোও কোনো মৌলিক চিন্তার প্রমাণ নয়। বড় মানুষের সঙ্গে বিতর্ক করতে গেলে নিজের চিন্তাটাও বড় করতে হয়। শুধু বড় নাম উচ্চারণ করলেই নিজের নাম বড় হয় না। বাঘের পাশে দাঁড়ায়া ছবি তুললেই কেউ বাঘ হয় না, আর পাহাড়ের গায়ে নিজের নাম লিখলেই পাহাড়ের উচ্চতা নিজের নামে চালানো যায় না।
প্রকৃত প্রতিভা নিজের কাজ দিয়া পরিচিত হয়। কবি কবিতা দিয়া, শিল্পী শিল্প দিয়া, চিন্তক চিন্তা দিয়া, সংগঠক কাজ দিয়া, আর মানুষ তার মনুষ্যত্ব দিয়া। সেখানে বিতর্ক আসতে পারে, সমালোচনা আসতে পারে, বিরোধিতা আসতে পারে, কিন্তু সেগুলো তার কাজের অনুসঙ্গ, কাজের বিকল্প না। যে মানুষ নিজের ভেতরে কোনো নতুন সৃষ্টি বহন করে না, সে অনেক সময় অন্যের সৃষ্টির ওপর হামলা করেই নিজের অস্তিত্বের শব্দ তুলতে চায়। নিজের ঘরে প্রদীপ নাই, তাই পাশের বাড়ির আলো ভাঙতে বের হইছে। আলো নিভাইতে পারলেও অন্ধকারে নিজের পথ খুঁজে পাবে কি না, সেই খবর রাখে না।
শেষ কথা হইল, ভাইরাল হওয়া একটা ঘটনা, কিন্তু মূল্যবান হওয়া একটা অর্জন। ঘটনা কয়েক ঘণ্টায় ঘটতে পারে, অর্জনের পেছনে লাগে বছরের পর বছর সাধনা। ভাইরাল মানুষকে মানুষ চিনতে পারে, কিন্তু মূল্যবান মানুষকে মানুষ মনে রাখে। ভাইরাল কনটেন্টের মেয়াদ অ্যালগরিদম ঠিক করে, আর মহৎ সৃষ্টির আয়ু ঠিক করে সময়, ইতিহাস ও মানুষের চেতনা।
তাই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নামার আগে একবার নিজেরে জিগান, আলোয় আসতে চাই, নাকি আলো দেওয়ার মতো কিছু হইতে চাই? অন্যের মুখে নিজের নাম শুনতে চাই, নাকি নিজের কাজের মধ্যে এমন কিছু রাখতে চাই, যা আমার অনুপস্থিতিতেও কথা কইবে? প্রথমটার জন্য একটা কাণ্ডই যথেষ্ট, দ্বিতীয়টার জন্য লাগে চরিত্র, মেধা, শ্রম আর সাধনা।
দিন শেষে প্রশ্নটা খুব সোজা। আপনি ভাইরাল হইছেন, ভালো কথা। কিন্তু কী ভাইরাল হইছে? আপনার চিন্তা, আপনার প্রতিভা, আপনার সৃজনশীলতা, নাকি আপনার রুচির সার্কাস? মানুষ আপনার নাম বলতেছে, ঠিক আছে। কিন্তু নামটা বলার সময় শ্রদ্ধায় মাথা নোয়াইতেছে, নাকি হাসতে হাসতে পেট চেপে ধরতেছে?
মনে রাখবেন, অন্যের মুখে কালি মাখাইয়া নিজের মুখ উজ্জ্বল হয় না। শুধু ক্যামেরায় নিজের মুখটা বড় দেখায়। আর মুখ বড় দেখানো আর মানুষ বড় হওয়ার মধ্যে যে ফারাক, সেই ফারাকটাই বুঝতে না পারার নাম ভাইরাল যুগের সবচেয়ে সংক্রামক বুদ্ধিবিকলতা।
প্রদ্যোত / ১০ অক্টোবর ২০২৬